পদ্মায় অবাধে ডিমওয়ালা ইলিশ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। এমন সময় ঢাকার দোহার উপজেলার পদ্মা নদী-তীরবর্তী মৈনট ট্রলার ঘাটের মাছের আড়তগুলোতে কর্মব্যস্ততা। আবদুল আজিজ তাঁর মাছের আড়তে এক ঝুড়িতে অন্তত ৮০টি ছোট-বড় ডিমওয়ালা ইলিশ বিক্রি করছেন। আড়তের অন্য মালিকসহ ১৬ জন পাইকার ডাক তুলছিলেন। সব আড়তের ঝুড়িতেই ডিমওয়ালা ইলিশ।
গতকাল শনিবার ভোরে এ রকমই কর্মব্যস্ত চিত্র দেখা যায় ঢাকার দোহারের পদ্মা নদী-তীরবর্তী মৈনট ট্রলার ঘাটে। ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ হলেও দোহারের পদ্মা নদীতে অবাধে চলছে ইলিশ শিকার।
খবর পেয়ে সকালে দোহার থানার মোহাম্মদপুর ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়। কিন্তু পুলিশ কাউকে আটক করেনি।
স্থানীয় লোকজনের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ আড়তে ডিমওয়ালা ইলিশ বিক্রি হচ্ছে। এতে স্থানীয় আড়তদারদের মদদ আছে। তাঁরা জেলেদের দাদন দিয়ে ইলিশ মাছ ধরতে বাধ্য করছেন। গত কয়েক দিনে এই ঘাটে প্রতিদিন ৪০ থেকে ৫০ মণ ডিমওয়ালা ইলিশ বিক্রি হচ্ছে। এতে প্রশাসনের কোনো লোকজনকে বাধা দিতে দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দা জয়নাল উদ্দিন খান বলেন, প্রতিদিন রাত তিনটা থেকে ভোরের আলো ফোটার আগেই ইলিশ বিক্রি হয়ে যাচ্ছে। প্রশাসনের লোকজনকেও এখানে ঘোরাঘুরি করতে দেখা যায়।
মো. জয়নাল নামে এক জেলে বলেন, আড়তদাররা তাঁদের দাদন দিয়েছেন। প্রতি নৌকায় ১০ থেকে ২০ হাজার টাকা দাদন নিয়েছেন তাঁরা। এখন আড়তদারদের খুশি করতে মাছ ধরা ছাড়া কিছু করার নেই।
আবদুল আজিজ বলেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে বলেই তাঁরা ইলিশ শিকার করছেন। প্রশাসনের লোকজন দেখলেও কিছু বলছেন না।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম জাকারিয়া বলেন, বাজারগুলোতে প্রতিদিন অভিযান চলছে। অভিযান আরও জোরদার করা হবে।