পদ্মায় চলন্ত ট্রলারে গুলি, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে চলন্ত ট্রলারে দুর্বৃত্তদের গুলিতে চার বালুশ্রমিক আহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি পাবনায়। চারজনই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত চারজন হলেন পাবনা সদর উপজেলার দড়ি ভাওডাঙ্গা গ্রামের মোনসের প্রামাণিকের ছেলে কুদ্দুস প্রামাণিক (৪০), চর তারাপুর গ্রামের রাজাই প্রামাণিকের ছেলে মো. ইউনুস আলী প্রামাণিক (৫০), দুবলিয়া গ্রামের বনদার আলী খানের ছেলে মো. ফজেল আলী খান (৪০) ও আব্দুল কুদ্দুসের ছেলে মো. রিপন আলী (২০)।
হাসপাতালে চিকিৎসাধীন ফজেল আলী খান বলেন, গত রোববার তাঁরা রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট থেকে ট্রলারে বালু ভরে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পদ্মা সেতুর কাজের জন্য নিয়ে যান। সেখানে বালু নামানোর পর বুধবার দুপুরের দিকে তাঁরা ট্রলার নিয়ে একই পথে ফিরে আসছিলেন। ট্রলারে সাতজন শ্রমিক ছিলেন। ট্রলারটি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকার পদ্মা নদীতে পৌঁছায়। এ সময় পেছন থেকে ছোট একটি ট্রলার দ্রুতগতিতে তাঁদের ট্রলারের কাছে চলে আসে। ওই ট্রলারে থাকা মুখোশধারী দুজন ‘কেন ট্রলার থামালি না’ এই কথা বলেই আগ্নেয়াস্ত্র বের করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে চলে যায়। এতে তিনিসহ চারজন কোমর ও হাঁটুর নিচেসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। সৌভাগ্যক্রমে ট্রলারে থাকা বাকি তিনজন অক্ষত থাকেন। তাঁরা ট্রলারটি ধাওয়া পাড়া ঘাটে থামিয়ে আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, দুপুর পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ চার শ্রমিককে সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রেখে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনই আশঙ্কামুক্ত রয়েছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, ঘটনাটি পাবনা ও রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।