পদ্মায় জেলে নৌকায় হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাটে পদ্মা নদীতে হালদারপাড়ার জেলে নৌকায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় গত বুধবার রাতে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। এ দিকে আবারও হামলার আতঙ্কে আছেন হালদারপাড়ার জেলেরা। ঘটনার পর থেকে তাঁরা মাছ ধরা বন্ধ রেখেছেন।
এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হালদারপাড়ার জেলেরা গত মঙ্গলবার রাতে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে রাত নয়টার দিকে উপজেলার মাঝদিয়া পুরাতন রেললাইনপাড়ার মো. রফিক ও খাঁপাড়ার রবিউল খাঁর নেতৃত্বে দুটি নৌকায় করে লাঠিসোঁটা নিয়ে জেলে নৌকায় হামলা চালানো হয়। এ সময় একটি নৌকায় পরিমল হালদার, তাঁর ছেলে উজ্জ্বল হালদার ও একই পাড়ার উজ্জ্বল (ছোট) হালদারসহ আটজন ছিলেন। তাঁদের পিটিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। পরে নৌকাটি ডুবিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার রাতে পরিমল বাদী হয়ে রফিক, রবিউল ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।
নাম প্রকাশ না করার শর্তে গতকাল বৃহস্পতিবার হালদারপাড়ার কয়েকজন জেলে প্রথম আলোকে বলেন, কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। এ কারণে হালদারপাড়ার জেলেরা আতঙ্কে আছেন। তাঁরা মাছ ধরতে পদ্মায় নামার সাহস পাচ্ছেন না।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, শিগগিরই আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হবে।