পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সাজাপুর এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে স্থানীয় কয়েকজন জেলে প্রায় তিন সপ্তাহ ধরে মাছ শিকার করছেন। এতে মাছ ধরা ও নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
গত বুধবার সরেজমিন দেখা যায়, সাজাপুর এলাকায় পদ্মা নদীর পাড় থেকে শুরু করে অন্তত ৫০০ ফুট লম্বা আড়াআড়িভাবে নদীর মাঝ বরাবর বাঁশের বেড়া দেওয়া হয়েছে। বেড়ায় প্রায় ৪০০ থেকে ৪৫০টি বাঁশ পোঁতা হয়েছে। বেড়ার সঙ্গে তিনটি স্থানে জাল পাতা হয়েছে। বেড়ার সঙ্গে বাঁধা রয়েছে তিনটি নৌকা। একটি নৌকা নিয়ে দুজন জাল থেকে মাছ ছাড়ানোর কাজ করছেন। এ সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ওই বেড়ার কারণে দৌলতদিয়া ঘাট থেকে দেবগ্রাম ও দেবগ্রাম থেকে রাখালগাছি, বেতকাসহ আশপাশ এলাকায় চলাচলকারী যাত্রীবাহী নৌকাসহ অন্যান্য নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। হাসেম প্রামাণিক, খায়রুল, আক্কাছসহ আরও কয়েকজন জেলে ওই বেড়া দিয়ে মাছ শিকার করছেন।
এ ব্যাপারে হাসেম প্রামাণিক বলেন, তাঁর বাড়ি স্থানীয় সাজাপুর এলাকায়। তিনি, আক্কাছ খাঁ, খায়রুল খাঁসহ আরও একজন মিলে গত মাসের শেষ দিকে মাছ শিকারের ওই বাঁশের বেড়া দিয়েছেন। বাঁশ, জালসহ তাঁদের বেড়া দিতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। তবে মাছ খুব একটা ধরা পড়ছে না। এখন পর্যন্ত তাঁরা খরচের টাকাও তুলতে পারেননি।
খায়রুল ও আক্কাছ গত বুধবার বলেন, এত টাকা খরচ করে বাঁধ দেওয়ার পরও প্রতিদিন ৫০০-৬০০ টাকার বেশি মাছ পাচ্ছেন না। রাতদিন সব সময় তিনজন লোক কাজ করছেন। এ ছাড়া স্থানীয় কিছু ব্যক্তি আছেন, যাঁরা বাঁধে এলে ফ্রি মাছ দিতে হয়। তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা বলেন, তাঁদের পরিচয় না নেওয়াই ভালো।
আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়ায় পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচলে সমস্যা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে খায়রুল ও আক্কাছ বলেন, এমন সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, বাঁধটি ছোট ও পাশ দিয়ে নৌযান চলাচলের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে।
গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, নদীতে বা উন্মুক্ত জলাশায়ে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ শিকার বা নৌযান চলাচলে বিঘ্ন ঘটানো শাস্তিযোগ্য অপরাধ। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সঙ্গে সমন্বয় করে বেড়াগুলো তুলে দেওয়া হবে।