পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া অঞ্চলে পদ্মা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। অভিযোগ আছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় পাবনা থেকে আসা জেলেরা দেড় মাস ধরে এখানে মাছ ধরছেন।
উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বাঘাবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, পাবনা থেকে আসা জেলেরা পদ্মা নদীতে মাছ শিকার করছেন। অন্তত ৪০০ বাঁশ ব্যবহার করে বেড়া তৈরি করা হয়েছে। এতে রয়েছে পাঁচটি মাছ ধরার ফাঁদ। পাবনার বেড়া উপজেলার ত্রিমোহনীর সুজন হালদার, দ্বিজন হালদার ও বুভিনাথ হালদার বেড়াটি দিয়েছেন। এ ছাড়া বাঘাবাড়ী এলাকায় জেগে ওঠা চর থেকে শুরু করে বিপরীত দিকের চর পর্যন্ত কয়েক হাজার মিটার লম্বা বেড়ায় সুতি জাল পেতে রাখা হয়েছে।
সুজন ও দ্বিজন বলেন, স্থানীয় কয়েকজনের সহযোগিতায় গত জানুয়ারি মাসে তাঁরা বেড়াটি দেন। কিন্তু তাঁরা ওই স্থানীয় লোকজনের নাম বলতে চাননি। এই বেড়া দিতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি করেন তাঁরা। প্রতিদিন জাটকাসহ বিভিন্ন মাছ পান, যা দুই থেকে তিন হাজার টাকায় বিক্রি করেন।
এর প্রায় এক কিলোমিটার পশ্চিমে বেতকা এলাকায় রয়েছে আরেকটি বিশাল বেড়া। সেখানে গিয়ে দেখা যায়, দুটি নৌকায় চারজন জেলে মাছ ধরছেন। চরের সঙ্গে চারটি নৌকা বাঁধা আছে। পাবনার আমিনপুর সাগরকান্দি থেকে আসা অকেল হালদার, মিঠুন হালদার, বিপ্লব ওরফে বাবলু হালদার ও নারায়ণ হালদার বেড়াটি দিয়েছেন। তাঁরাও স্থানীয় লোকজনের নাম বলতে চাননি।
অকেল ও মিঠুন হালদার জানান, জানুয়ারির গোড়ার দিকে আড়াই লাখ টাকা খরচ করে প্রায় ৫০০ বাঁশ দিয়ে বেড়াটি দেওয়া হয়েছে। এতে ছয়টি ফাঁদ পাতা হয়েছে। ফাঁদে ইলিশ, পাঙাশ, রুই-কাতলাসহ বড় বড় মাছ ধরা পড়ে। এ সময় বেড়ায় সুতি ও ক্ষুদ্র ছিদ্রের জাল দেখা যায়।
এদিকে এই আড়াআড়ি বেড়ার কারণে পাটুরিয়া-আরিচা-নগরবাড়ী-কাজীরহাট-বাঘাবাড়ী পথে পণ্যবোঝাই ট্রলার বা নৌকা চলাচলে সমস্যা হচ্ছে বলে কয়েকজন ট্রলারচালক জানান।
ট্রলারচালক ওহাব মিস্ত্রি বলেন, চট্টগ্রাম বন্দর থেকে আসা সারবাহী কার্গো পাটুরিয়া ঘাটের কাছে থামে। সেখান থেকে মালামাল নামিয়ে ট্রলারে করে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও নগরবাড়ী নেওয়া হয়। এই মালবাহী ট্রলার ও অন্যান্য নৌপরিবহনের চলাচল বেড়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে।
দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়ার পূর্ব দিকে আরও একটি বাঁশের বেড়া দেওয়া হয়েছে বলে দৌলতদিয়া ঘাটের জেলেরা জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায় বলেন, ‘পদ্মায় বেড়া দেওয়ার বিষয়টি শুনেছি। পারিবারিক কারণে কয়েক দিনের ছুটিতে আছি। খুব শিগগির অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, পদ্মা নদীতে বেড়া দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ বেআইনি এবং মৎস্য আইনে শাস্তিযোগ্য অপরাধ। খোঁজ নিয়ে মৎস্য কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ নেওয়া হবে।