পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে আড়াআড়ি বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করছে একটি চক্র। বাঁধে পাতা বিশেষ ধরনের জালে জাটকাসহ ছোট আকৃতির বিভিন্ন মাছ ধরা পড়ছে। পাশাপাশি নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে।
এলাকার কয়েকজন বলেন,রাজবাড়ী সদর উপজেলার দাদশী এলাকার রাকিব মল্লিক ও মজিদ খাঁ, বরাট এলাকার তোফাজ্জল শেখ, পাবনার বেড়া উপজেলার সুবথ খাঁ, মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফলগঞ্জ এলাকার কালীপদ হালদার মিলে প্রায় এক মাস আগে নদীর দৌলতদিয়ার জয়নাল খাঁর পাড়া (ধল্লাপাড়া) এলাকায় আড়াআড়িভাবে বাঁশের বাঁধ দিয়েছেন। তাতে কোনা জাল পেতে মাছ শিকার করা হচ্ছে।
গত সোমবার জয়নাল খাঁর পাড়ায় গিয়ে দেখা যায়, কূল থেকে নদীর ভেতরে আনুমানিক চার শ ফুট পর্যন্ত সারি সারি বাঁশ পুঁতে রাখা হয়েছে। তার সঙ্গে কোনা জাল পেতে মাছ শিকার করা হচ্ছে। রাকিব মল্লিক ও তোফাজ্জল শেখ বাঁধের জালথেকে মাছ ছাড়াচ্ছেন। নদীর কিনারে বসে মজিদ খাঁ ও কালীপদ হালদার ছেঁড়া জাল মেরামত করছেন। এ ছাড়া নৌকায় খাবার রান্না করছেন আরেক জেলে সুবোধ খাঁ।
রাকিব মল্লিক বললেন, তাঁরা ২২-২৩ দিন ধরে এখানে বাঁধ দিয়ে মাছ ধরছেন। তবে বর্তমানে নদীতে মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না। দিনে ছোটখাটো দু-চারটি ইলিশ বা কখনো ছোট একটি পাঙাশ মাছ পাওয়া যায়। আবার কোনো দিন তাও পাওয়া যায় না। মাছ বিক্রির টাকায় সবার দিনের খোরাকিও ঠিকমতো হয় না। অন্যান্য খরচ তো আছেই। নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার অন্যায় তা জানেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যায় জেনেও তাঁদের করার কিছু নেই। বাপ-দাদার পেশা এটি। তাই এটা করেই তাঁরা খাবার জোগাড় করেন। চুরি-ডাকাতি করে তো আর খাচ্ছেন না।
তোফাজ্জল শেখ বলেন, বাঁধ দিতে তাঁদের প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। তবে যে পরিমাণ মাছ পাওয়ার কথা তা পাওয়া যাচ্ছে না। ফলে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, তাঁদের তো আর কোনো পেশা নেই। তাই সারা দিন একটা মাছের আশায় বসে থাকেন। তবে এমন অবস্থা চলতে থাকলে আগামী এক সপ্তাহ পর চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। নদীতে এ রকম আরও অনেক বাঁধ রয়েছে বলে দাবি করেন তিনি।
এলাকার কয়েকজন অভিযোগ করে বলেন, এ বাঁধের কারণে স্থানীয় অনেক নৌযানও ঠিকমতো চলতে পারে না। কারণ, এখন ওই বাঁধ ঘুরে মাঝ নদী দিয়ে চলাচল করতে হয়, যেখানে তীব্র স্রোত রয়েছে। এতে করে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তা ছাড়া বাঁধের সঙ্গে সুতি ঘন ও কোনা জাল পেতে রাখায় জাটকাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের ডিমও আটকা পড়ে।
উপজেলার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করা শাস্তিযোগ্য অপরাধ। খবর পেয়ে গত সোমবার বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই বাঁধ অপসারণে জেলেদের তিন দিন সময় দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে দু-এক দিনের মধ্যে অভিযান চালিয়ে সেটি উচ্ছেদ করবে মৎস্য অধিদপ্তর।