পবায় বিল দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার দারুশা ইউনিয়নের কর্ণহার বড়বিল দখলকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় সাজ্জাদ, উজ্জ্বল ও ওসমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পবা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণহার বড়বিলকে কেন্দ্র করে ভূমিহীনদের ব্যানারে এলাকার জনগণ হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সাবেক চেয়ারম্যান দেওয়ান রেজাউল ইসলামের সমর্থকেরা দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েন। এরই মধ্যে মোস্তফার পক্ষে লোকজন বিলের জমিতে বোরো চাষ করেন। এরই জের ধরে সকালে তির, ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে গোলাম মোস্তফা ও রেজাউল ইসলামের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিলে একপর্যায়ে সংঘর্ষে বাধে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। এঁদের মধ্যে তিরবিদ্ধ সাজ্জাদসহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ওই বিল নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে দুই পক্ষের মধ্যেকার সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।