পবায় সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবায় ছয় বছর বয়সী একমাত্র সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় বিয়ে করতে সমস্যা হওয়ায় মুখে বালিশচাপা দিয়ে সন্তানকে হত্যা করার কথা ওই বাবা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশুর নাম আদনান হোসেন। বাবার নাম জসীম উদ্দিন (৩০)। বাড়ি পবা উপজেলার চক দর্শনপাড়া গ্রামে। গতকাল ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য তাঁকে আদালতে নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পবা থানার এসআই মনোয়ার জাহান বলেন, নিহত শিশুর মা নাসিরা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে পুলিশ জসীমকে গ্রেপ্তার করে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়।
এসআই মনোয়ার বলেন, বিদেশ যাওয়ার জন্য গত বছর জসীম তাঁর স্ত্রীর বড় ভাইকে আড়াই লাখ টাকা দেন। তবে তাঁর বিদেশ যাওয়া হয়নি। সম্প্রতি জসীম ওই টাকার জন্য স্ত্রী ও তাঁর ভাইকে চাপ দেন। সময়মতো টাকা দিতে না পারায় জসীম এক সপ্তাহ আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। তবে তাঁদের একমাত্র সন্তান আদনান বাবার কাছে থেকে যায়। এরই মধ্যে জসীম দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু প্রথম স্ত্রীর ছেলে থাকার কারণে মেয়ে রাজি হচ্ছিলেন না। গতকাল সকালে জসীম ঘুম থেকে উঠে এলাকায় প্রচার করেন তাঁর ছেলে আদনান মারা গেছে। খবর পেয়ে আদনানের মা নাসিরা সকালে পবা থানায় এসে জসীম উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।