পবায় গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবায় গতকাল শনিবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর বাবার অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।
গৃহবধূর নাম পপি বেগম (২৫)। তাঁর বাবার নাম আইয়ুব নবী। বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায়।
পপির স্বামীর নাম মিলন হোসেন (৩০)। তাঁর বাড়ি পবা উপজেলার হরিপুর গ্রামে। থানা-পুলিশ জানায়, প্রায় সাত বছর আগে মিলন হোসেনের সঙ্গে পপির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য পপির ওপর নির্যাতন চালাতেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। গত শুক্রবার রাতেও পপিকে মারধর করা হয়। পরে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল সকালে পবা থানায় একটি মামলা করেছেন। এই মামলায় পুলিশ ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি মিনারা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে। পরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।