পবায় বেসরকারি সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে পবার পাকুড়িয়ায় আশ্রয় গবেষণা ও ট্রেনিং সেন্টারে এ ডাকাতি হয়।
প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আফসার উদ্দিনের ভাষ্য অনুযায়ী, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে ১২-১৫ জনের একদল ডাকাত ট্রেনিং সেন্টারে রাইফেল ও ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। ডাকাতদের একটি অংশ প্রথমে দুই নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে। পরে প্রশিক্ষণার্থী ও স্টাফদের জিম্মি করে লুটপাট চালায়।
প্রকল্পের ব্যবস্থাপক আবদুল ওহাব বলেন, রাতে সেখানে ১২ জন প্রশিক্ষণার্থী ও ১৩ জন কর্মচারী ছিলেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ২ জন নারী। ডাকাতেরা সবার মুঠোফোন ও টাকাসহ দুই নারীর স্বর্ণালংকারও নিয়ে গেছে। বুধবারই কর্মচারীরা বেতন তুলেছিলেন। প্রতিষ্ঠানটির এলাকা রাজশাহী নগরের শাহ মখদুম থানার অধীনে। থানার ওসি আবদুর রউফ বলেন, প্রায় চার লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।