পবায় স্কুলছাত্রকে বেঁধে নির্যাতনের অভিযোগ
রাজশাহীর পবায় এক স্কুলছাত্রের হাত-পা দড়ি দিয়ে বেঁধে কয়েকজন মিলে পেটানোর পর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়েছে। মুঠোফোন চুরির সঙ্গে ‘জড়িত থাকার’ স্বীকারোক্তি আদায়ের জন্য জাহিদ হাসান নামের ওই শিক্ষার্থীকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের।
গত শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদকে পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জাহিদ পবার বাগসারা এলাকার মো. ইমরানের ছেলে। সে বাগসারা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জাহিদের বাবা ইমরান বলেন, তাঁর ছেলে শুক্রবার দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে পরে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে জাহিদ হাসানকে ধরে আনে ওই এলাকার পলাশ, নাসির উদ্দিন, জামাল, রাজ্জাক, অনিক ও তুহিনসহ আরও কয়েকজন। পরে তারা ওই এলাকার ফজলুর বারির ঘরের মধ্যে বিছানায় ফেলে হাত-পা রশি দিয়ে বেঁধে জাহিদকে নির্যাতন করে। রাত ১০টা পর্যন্ত তার ওপর চলে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য মারধর। নির্যাতনের ওই দৃশ্যের ভিডিও ধারণ করা হয়। কিন্তু জাহিদ মুঠোফোন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার না করায় তার বাবা ইমরানের হাতে তাকে তুলে দেওয়া হয়। তাকে গুরুতর আহত অবস্থায় পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তবে এ ঘটনাটি যেন কাউকে না জানানো হয়, এর জন্য জাহিদের পরিবারকে নির্যাতনকারীদের পক্ষ থেকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নেন ফজলুর বারির ছেলে রাকিবসহ অন্য নির্যাতনকারীরা। এমনকি কোথাও অভিযোগ করতেও বাধা দেওয়া হচ্ছে।
জাহিদ হাসান বলে, নির্যাতনকারীদের মধ্যে নাসির উদ্দিন সেনাসদস্য। তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন।
তবে নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সঠিক নয়। আমি কাউকে মারিনি।’
পবা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীকে নির্যাতনের কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’