স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় কিশোরগঞ্জের বাজিতপুরে অঞ্জনা বেগম নামের এক নারীর নির্দেশে মুক্তা বেগমকে হত্যা শেষে তাঁর লাশ আট টুকরা করা হয়। পরে তাঁর লাশ বস্তায় ভরে ডোবায় ফেলে দেওয়া হয়। চঞ্চল মিয়া নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গত বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক ওই জবানবন্দি দেন।
গতকাল রোববার বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে থানার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময় বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ২ নম্বর আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম হামিদুল ইসলাম জবানবন্দি রেকর্ড করেন।
ওই জবানবন্দির বরাত দিয়ে মৃত্যুঞ্জয় দে জানান, মুক্তার বাড়ি বাজিতপুরের হালিমপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামে। অঞ্জনা একই উপজেলার দড়িঘাগটিয়া গ্রামের বাসিন্দা। চঞ্চল অঞ্জনার প্রতিবেশী ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কয়েক বছর আগে বাজিতপুরের সাজনপুর গ্রামের সলিম উদ্দিনের সঙ্গে মুক্তার বিয়ে হয়। মুক্তা কয়েক মাস আগে অঞ্জনার স্বামী রিপন মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। রিপনের সঙ্গে মুক্তার পরকীয়ার বিষয়টি অঞ্জনা জানতে পেরে ক্ষুব্ধ হন। পরে মুক্তাকে হত্যার পরিকল্পনা করেন অঞ্জনা। অঞ্জনাকে এ কাজে সহায়তা করেন চঞ্চলসহ আরও কয়েকজন। পরিকল্পনা অনুযায়ী গত ২ এপ্রিল মুক্তাকে কৌশলে বাজিতপুরে একটি ভাড়াবাড়িতে নিয়ে যান তাঁরা। সেখানে মুক্তাকে শ্বাসরোধে হত্যা শেষে লাশটি আট টুকরা করা হয়। লাশ গুম করার জন্য মাথা একটি বস্তায় ও বাকি সাত টুকরা অন্য একটি বস্তায় ভরে ডোবায় ফেলে দেওয়া হয়। ৮ এপ্রিল পৌর শহরের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এসআই গোলাম কিবরিয়া জানান, ২৯ এপ্রিল চঞ্চলকে তাঁর বাড়ি থেকে ও পরে অঞ্জনাকেও নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।