পরকীয়ার বলি গৃহবধূ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে দুলালী রানী (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামে আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত দুলালীর স্বামী রিপন চন্দ্র মিস্ত্রিকে (৩২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহত নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, রিপনের সঙ্গে দুলালীর ১০ বছর আগে বিয়ে হয়। ওই দম্পতির ছয় বছর ও তিন বছরের দুটি সন্তান রয়েছে।

দুলালীর বাবা নারায়ণ চন্দ্র মণ্ডল অভিযোগ করেন, সম্প্রতি রিপন বরগুনার পাথরঘাটা উপজেলার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই নারীকে তিনি বিয়ে করার চেষ্টা করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে আজ ভোরে দুলালীকে শ্বাসরোধে হত্যা করেন রিপন। পরে তাঁকে জানানো হয়, দুলালী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, রিপনকে আটকের পর তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত দুলালী রানীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুলালীর লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।