পরকীয়ার বলি পুলিশ সদস্য!
ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে গত মঙ্গলবার রাতে সাইফুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক সদস্যের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য আলাউদ্দিন ও নিহতের কথিত স্ত্রী তাসলিমা নাসরিনকে আটক করে পুলিশ।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই খুন করার বিষয়টি স্বীকার করেছেন। পরকীয়ার কারণেই সাইফুলকে হত্যা করা হয়েছে বলে তাঁরা স্বীকার করেছেন।
সাইফুলের বাড়ি শেরপুরের শ্রবরদী উপজেলার রূপেরচড়া গ্রামে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য আলাউদ্দিনের সঙ্গে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তাসলিমা নাসরিনের বিয়ে হয় প্রায় ১৫ বছর আগে। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দুই বছর আগে তাঁদের ছাড়াছাড়ি হয়। পরে পুলিশ সদস্য সাইফুল ইসলামের সঙ্গে তাসলিমার বিয়ে হয় বলে গুঞ্জন রয়েছে।
তাসলিমা ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সাইফুল মাঝেমধ্যে ময়মনসিংহে এসে এই বাড়িতে থাকতেন। আনুমানিক দেড় বছর আগে সাইফুল ও তাসলিমার একসঙ্গে থাকার বিষয়টিকে অবৈধ সম্পর্ক হিসেবে উল্লেখ করে আলাউদ্দিন ময়মনসিংহের কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ তাঁদের আটকও করেছিল।
সম্প্রতি সাইফুল ও তাসলিমার মধ্যে সম্পর্কের অবনতি হয়। এরপর তাসলিমা আবারও তাঁর আগের স্বামী আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছিলেন। পুলিশ জানায়, সাইফুলকে খুন করার বিষয়টি তাসলিমা ও আলাউদ্দিনের পরিকল্পিত। খুন করার আগে তাসলিমা আলাউদ্দিনকে খবর দিয়ে তাঁর কর্মস্থল নারায়ণগঞ্জের হাজীগঞ্জ থেকে ময়মনসিংহে নিয়ে আসেন।
মঙ্গলবার রাত নয়টার দিকে আলাউদ্দিন ও তাসলিমা গাজীপুরের রাজেন্দ্রপুরে যাওয়ার কথা বলে একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া করেন। গাড়ির চালককে রাত আটটায় শহরের মুসলিম গার্লস বালিকা বিদ্যালয় ও কলেজের সামনের সড়ক থেকে তাঁদের নেওয়ার কথা বলা হয়। চালক যথাসময়ে গাড়ি নিয়ে ওই সড়কে যান।
গাড়ির চালক মো. আরিফ জানান, গাড়িতে মালামাল ওঠানোর সময় একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়ালে কৌশলে বিষয়টি তিনি শহরের টাউন হল মোড়ে অবস্থিত মাইক্রোবাস স্ট্যান্ডের অন্য চালকদের জানান। তাঁরা পুলিশে খবর দিলে রাত সাড়ে নয়টার দিকে মাইক্রোবাস স্ট্যান্ড থেকে পুলিশ লাশটি উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সাইফুলের মা মুলেদা বেগম বাদী হয়ে আলাউদ্দিন ও তাসলিমাকে আসামি করে ময়মনসিংহের কতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।