চলন্ত শাটল ট্রেনে ছিনতাইকারীর রডের আঘাতে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গতকাল সোমবার সকালে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি বড়দীঘির পাড় এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম নওরীন আহমেদ। এদিকে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হন আরও সাত শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৭টা ৫০ মিনিটের শাটল ট্রেনে ক্যাম্পাসে যাওয়ার জন্য রওনা দেন নওরীন। তিনি ট্রেনটির দরজায় বসে ছিলেন। শাটল ট্রেনটি বড়দিঘীর পাড় এলাকায় পৌঁছালে এক ছিনতাইকারী নওরীনের হাতের ব্যাগটি ছিনিয়ে নিতে রড ছুড়ে মারে। রডটি নওরীনের পায়ে এসে লাগলে তিনি আহত হন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে নওরীনের সহপাঠীরা তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে সেন্টারে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে নগরের আন্দরকিল্লায় জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নওরীনের বড় ভাই শাহেদ আইমান প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীর রডের আঘাতে তাঁর বোনের ডান পায়ের হাঁটুর নিচের একপাশের মাংস উঠে গেছে। তাঁকে ২৫টি সেলাই দিতে হয়েছে।
ষোলশহর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ওই ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে গত রোববার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাত শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ ইনস্টিটিউটের সূর্যসেন হলের পেছনে ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’