পরশুরামে ফের ৩ নাইজেরীয় আটক
ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিন নাইজেরীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী নদী পার হওয়ার সময় তাঁদের আটক করা হয়।
আটক তিন নাইজেরীয় নাগরিক হলেন ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকু (৪২)। তাঁদের কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করে পুলিশ।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে তিনজন বিদেশি নাগরিক উপজেলার নিজকালিকাপুর-কাউতলী গ্রামে মুহুরী নদী পার হচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরশুরাম থানার পুলিশ দ্রুত সেখানে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের নাইজেরিয়ান নাগরিক বলে পরিচয় দেন।
ওসি জানান, ভারত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন নাইজেরিয়ান নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
এর আগে ৩ আগস্ট পরশুরামের বিলোনিয়া সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওবাউননি আইডু আবুদিনে (২৯) নামের এক নাইজেরীয় নাগরিককে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।