একজন করে প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ার বিষয়টিকে সন্দেহজনক মনে হওয়ায় নির্বাচন কমিশন ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে গত সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া পটুয়াখালী, কক্সবাজার, শেরপুর, ভোলা, বরগুনা ও কিশোরগঞ্জের ভৈরবে গত দুই দিনে সংঘর্ষে কমপক্ষে ৭১ জন আহত হন।
নিজস্ব প্রতিবেদক জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা বলেন, গতকাল কমিশনের বৈঠকে সন্দেহজনক হওয়ায় পরশুরামের তিনটি ইউপির নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের দুই সাংসদ শওকত হাচানুর রহমান (বরগুনা-২) ও আজিজুল হককে (পাবনা-২) এলাকায় না যাওয়ার ব্যাপারে সতর্ক করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার এ বিষয়ে ফেনীর জেলা নির্বাচন কর্মকর্তা এবং ওই দুই সাংসদকে চিঠি পাঠানো হবে।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আজ সিদ্ধান্ত অনুমোদন হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ আছে, দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পরশুরামের বক্স মাহমুদ, চিথলিয়া ও মির্জানগর ইউপির বিএনপি মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দেন। বিকল্প হিসেবে প্রার্থীরা জেলা প্রশাসকের দপ্তরে গেলে সরকারি দলের লোকজন তাঁদের মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় নির্বাচন কমিশন সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক দিন বাড়ায়। কিন্তু ৩ মার্চও কেউ মনোনয়নপত্র জমা দেননি। সবশেষে দেখা যায়, চেয়ারম্যান পদে এই তিন ইউপিতে সরকারি দলের তিন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সদস্য (মেম্বার) পদে ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে এবং নারীদের জন্য সংরক্ষিত ৯টি ওয়ার্ডের ৮টিতে মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। এঁরাও সবাই আওয়ামী লীগের সমর্থক।
কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলেন, সময় বাড়ানোর পরও ওই তিন ইউপিতে চেয়ারম্যান পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়াটা অস্বাভাবিক। বিষয়টি তদন্তের জন্য একজন জ্যেষ্ঠ সহকারী সচিবকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তদন্তে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে এ তিন ইউপির নির্বাচন বাতিল করা হবে।
পৌরসভা নির্বাচনেও পরশুরামে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় কাউন্সিলররা বিনা ভোটে নির্বাচিত হন।
অনিয়মের কারণে ২ মার্চ কমিশন একই জেলার ফুলগাজী উপজেলার সব কটি (ছয়টি) ইউপির নির্বাচন বাতিল করে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিমকে বরখাস্তের নির্দেশ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়। ৬ মার্চ মন্ত্রণালয় উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল আলিমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।
জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশন ফেনীর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা খুবই ইতিবাচক। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য এমনটাই হওয়া উচিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আরও যে ৫৯ জন আছেন, সেখানেও ফল স্থগিত করে তদন্ত করা উচিত।
কমিশন সচিবালয়ের সূত্র বলেছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সাংসদ শওকত হাচানুর রহমান ও আজিজুল হককে এলাকায় যেতে বারণ করা হবে। কমিশন মনে করছে, তাঁরা এলাকায় অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করছেন।
পৌরসভা নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘন করায় শওকত হাচানুরকে কমিশন দুই দফায় সতর্ক করেছিল।
বাউফলে সংঘর্ষে নিহত ১: বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, আদাবাড়িয়া ইউনিয়নে সোমবার রাতে আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল হক (বর্তমান চেয়ারম্যান) ও দলের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর উল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আশরাফ ফকির (৩৫) নিহত ও উভয় পক্ষের ১০ জন আহত হন। আশরাফ ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সামসুল হকের খালাতো ভাই।
পুলিশ বলেছে, আশরাফ ফকির ও তাঁর লোকজন সোমবার রাত সোয়া নয়টার দিকে বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও ইউপি সদস্য ছিদ্দিক মোল্লার বাড়িতে হামলা চালান এবং তাঁকে কুপিয়ে জখম করেন। বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা একত্র হয়ে পাল্টা হামলা চালান এবং আশরাফকে কুপিয়ে জখম করেন। পুলিশ গিয়ে আশরাফকে উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষের সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় হারুন অর রশিদ ও আনোয়ার হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক, বরগুনা জানান, সদর উপজেলার নলটোনা ইউনিয়নে বিএনপির প্রার্থী সফিকুজ্জামানের সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকেরা সোমবার রাতে হামলা চালায় ও দোকানপাট ভাঙচুর করেন। এতে অন্তত ২৫ জন আহত হন। পুলিশ আওয়ামী লীগের প্রার্থীর পাঁচজন সমর্থককে আটক করে। গতকাল সকালে এঁদের মধ্যে চারজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সফিকুজ্জামান অভিযোগ করেন, সোমবার রাত আটটার দিকে নিশানবাড়িয়ায় বিএনপির কয়েকজন কর্মী প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের ৩০-৪০ জন সমর্থক অতর্কিত হামলা চালায়।
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি জানান, মহেশখালীর বড় মহেশখালী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ ও স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুলের সমর্থকদের মধ্যে সোমবার রাতে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ২৫ জন আহত হন। পুলিশ বলেছে, দুই পক্ষের নির্বাচনী মিছিল বড় মহেশখালীর নতুন বাজার এলাকায় মুখোমুখি হলে উভয় পক্ষে সংঘর্ষ হয়।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ভোলা প্রতিনিধি জানান, সদর উপজেলার আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল হকের এক সমর্থককে গতকাল পিটিয়ে জখম করেছেন আওয়ামী লীগের প্রার্থী বশির আহমেদের কর্মীরা।
পুলিশ বলেছে, বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে সোমবার আওয়ামী লীগের প্রার্থী নাগর হাওলাদারের সমর্থকদের ওপর হামলা চালান বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন সর্দারের সমর্থকেরা। এ সময় মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, সাউন্ড বক্স ও জেনারেটরে অগ্নিসংযোগ করা জয়। এতে পাঁচজন আহত হন।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি জানান, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে সোমবার রাতে শান্তির বাজারে বিএনপির প্রার্থী ওমর ফারুক এবং স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন।
নিজস্ব প্রতিবেদক, ভৈরব (কিশোরগঞ্জ) জানান, ভৈরবের গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আবদুস সালাম গতকাল দুপুরে হামলার শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, পৌর শহরের রাজকাঁচারী এলাকায় দলের আরেক মনোনয়নপ্রত্যাশী কাজী আবদুল হামিদের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ অস্বীকার করে হামিদ বলেন, ‘রাজকাঁচারীর সামনে আমাদের দুই পক্ষের মিছিল কাছাকাছি হলে সমর্থকদের মধ্যে হালকা হাতাহাতি হয়।’