পরশুরামে শিশু হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে আবদুর রহিম ওরফে আরমান (৮) নামের একটি শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আবদুর রহিম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের সঙ্গে তাঁর দূরসম্পর্কের আত্মীয় বাবলু মিয়ার কয়েক দিন থেকে বিরোধ চলে আসছে। গত শনিবার সকালে বাবলু মিয়া ঝগড়ার একপর্যায়ে জসিম উদ্দিনের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। সেদিন দুপুর থেকে জসিমের ছেলে আবদুর রহিম নিখোঁজ। একই সময় বাবলু মিয়াকেও এলাকায় দেখা যায়নি। পরে পরশুরাম থানার পুলিশ রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তসংলগ্ন শালবাগান থেকে গলায় গামছা পেঁছানো অবস্থায় শিশু আবদুর রহিমের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আবদুর রহিমের বাবা জসিম উদ্দিন বাবলু মিয়াকে আসামি করে হত্যা মামলা করেছেন। বাবলু মিয়া পলাতক। বাবলু মিয়ার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। তিনি পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন।