পরশুরামে শিশুকে ধর্ষণের অভিযোগ
ফেনীর পরশুরামে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ওই শিশুর বাবা পরশুরাম মডেল থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জাফর আহম্মদ পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে আট বছরের শিশুটি বাড়ি থেকে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিল। পথে একই উপজেলার মেলাঘর গ্রামের জাফর আহম্মদ কথা আছে বলে শিশুটিকে কাছে ডাকে নেয় এবং মুখ চেপে ধরে পাশের পরিত্যক্ত বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে সেখানেই ফেলে চলে যান। পরে শিশুটি মাদ্রাসায় না গিয়ে কাঁদতে কাঁদতে আবার বাড়ি ফিরে যায় এবং ঘটনাটি তার মাকে জানায়। শিশুটিকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম চৌধুরী শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার ফেনী সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষার কথা রয়েছে। ঘটনার পর থেকে আসামি জাফর আহম্মদ পলাতক।