পরস্পরকে কুপিয়ে আহত করলেন ছাত্রলীগের দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা-কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পরস্পরকে কুপিয়ে আহত করেছেন। আহত দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
আজ সোমবার রাত সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের দোতলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আহত দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শরিফুল ইসলাম ও ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাহীনুর হায়দার।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন প্রথম আলোকে বলেন, ‘শরিফুল ও শাহীনুর আমাদের কর্মী। তাঁদের মধ্যে কোনো গ্রুপ বা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না। আজকের ঘটনা ওই দুই বন্ধুর একান্ত ব্যক্তিগত বিষয়।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আহত দুজনের মধ্যে শরিফকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহীনুরকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, কথা-কাটাকাটির জের ধরে দুই বন্ধু ধারালো অস্ত্র দিয়ে পরস্পরকে কুপিয়ে আহত করেছে। তাঁদের মধ্যে শরিফের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হয় তা জানা যায়নি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, শরিফকে কুপিয়ে আহত করার অভিযোগে শাহীনুরকে আটক করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন।