পরাজিত ইউপি সদস্য প্রার্থীসহ আহত ১৫, দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় পরাজিত সদস্য পদপ্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার বড়খেরি ইউনিয়নের রামগতি বাজারে বিজয়ী ও পরাজিত দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাজারের পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনিয়নের রামগতি বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলায় আহত বড়খেরি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য পদপ্রার্থী ওমর ফারুকসহ চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রামগতি বাজারের ব্যবসায়ীরা গতকাল বৃহস্পতিবার দোকান বন্ধ রাখেন। হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী প্রার্থী এস এম শামছুদ্দৌহা ও পরাজিত প্রার্থী মো. ওমর ফারুকের সমর্থকেরা রামগতি বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন আহত হন। এ সময় বাজারের কলেজ রোডে পাঁচটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শামছুদ্দৌহা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

মঙ্গলবারের ঘটনার জের ধরে বুধবার রাত ৮টার দিকে ওই দুই প্রার্থীর সমর্থকেরা বাজারে আবার সংঘর্ষে জড়ান। এতে অন্তত চারজন আহত হন। হামলা, ভাঙচুর ও সংঘর্ষের প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বাজারের ব্যবসায়ীরা মিছিল বের করলে পুলিশ এলোপাতাড়ি লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাত-আটজন পথচারী আহত হন।

পরজিত প্রার্থী ওমর ফারুকের চাচা আবদুল কাইয়ুম অভিযোগ করেন, মঙ্গলবার ভোট গ্রহণের সময় শামছুদ্দৌহার লোকজন ওমর ফারুকের এজেন্টদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেন। এ ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যার পর রামগতি বাজারে শামছুদ্দৌহার সমর্থকদের সঙ্গে ওমর ফারুকের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শামছুদ্দৌহার সমর্থকেরা বাজারের কলেজ রোডে ওমর ফারুকের সমর্থকদের পাঁচটি দোকান ভাঙচুর করেন।

আবদুল কাইয়ুম বলেন, একই ঘটনার জের ধরে বুধবার রাত ৮টার দিকে পাঁচটি অটোরিকশায় করে বহিরাগত ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে রামগতি বাজারের কলেজ রোডে ওমর ফারুক (পরাজিত প্রার্থী) এবং তাঁর সমর্থক আবদুল মোতালেব, মো. মিরাজ ও মো. সোহরাবকে কুপিয়ে জখম করা হয়। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শামছুদ্দৌহা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রামগতি বাজারে তিনি বিজয় মিছিল বের করেন। মিছিলের শেষে রাত সাড়ে ৭টার দিকে তাঁর সমর্থক আবুল কালাম, মো. মহি উদ্দিন ও মো. কালামকে কুপিয়ে ও পিটিয়ে ওমর ফারুকের সমর্থকেরা আহত করেন। এ ঘটনার পর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বুধবার রাতে ওমর ফারুকসহ তাঁর সমর্থকদের কুপিয়ে আহত করার ঘটনায় তিনি বা তাঁর কোনো সমর্থক জড়িত নন বলে দাবি করেন তিনি।

রামগতি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আহাম্মদ উল্লাহ বলেন, দুই প্রার্থীর সমর্থকেরা নিজেদের বিরোধের জেরে দুই দিন ধরে দফায় দফায় বাজারে হামলা ও পাল্টা হামলা চালান। তাঁরা বাজারের দোকানপাট ভাঙচুর করেন। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। এ কারণে বাজারের ব্যবসায়ীরা বুধবার রাতে সংঘর্ষের পর বাজারে প্রতিবাদ মিছিল করেন। পুলিশ নির্বিচারে লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। তিনি বলে, দোকানপাটে হামলা, ভাঙচুর ও বাজারে সংঘর্ষের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বৃহস্পতিবার সারা দিন হরতাল পালন করেছেন।

হামলা-ভাঙচুরের বিষয়ে রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, বুধবারের ঘটনায় মো. ওসমান, মো. মাসুম, আবদুজ জাকের ও মো. জহির উদ্দিনকে আটক করা হয়েছে। এর আগে মঙ্গলবারের ঘটনায় শামছুদ্দৌহা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।