পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ছয়জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের নির্বাচনের অংশ হিসেবে গতকাল শনিবার ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্যতম সদস্য প্রার্থী ছিলেন জুলহাস ও বুলবুল মাতব্বর। কিন্তু নির্বাচনে দুজনই পরাজিত হন। তাঁরা পরাজয়ের জন্য একে অপরকে দায়ী করেন। এ নিয়ে তাঁদের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ বেলা সাড়ে তিনটার দিকে জুলহাসের এক সমর্থককে বুলবুলের লোকজন মারধর করেন। খবর পেয়ে বুলবুলের সমর্থকেরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের কয়েক শ নারী–পুরুষ ঢাল, সড়কি, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের সমর্থকেরা ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের তিন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ উভয় পক্ষের ছয়জনকে আটক করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।