পরাজিত প্রার্থীর বিরুদ্ধে জয়ী প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী এক সদস্যের সাত সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, পরাজিত প্রার্থীর সমর্থকেরা এ ঘটনায় জড়িত।
উপজেলার কাইকারটেক এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
থানার পুলিশ ও কয়েকজন এলাকাবাসী বলেন, মোগরাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্যপদে খলিলুর রহমান ও সামাদ প্রধান প্রতিদ্বন্দ্বিতা করেন। গত শনিবারের এই নির্বাচনে সামাদ প্রধান জয়ী হন। গতকাল সন্ধ্যায় সামাদের সমর্থক আলাবদী গ্রামের নারায়ণ চন্দ্র দাস মাছ বিক্রি করার জন্য কাইকারটেক হাটে যান। এ সময় পরাজিত প্রার্থী খলিলুর রহমানের ছেলে পারভেজ মিয়া নারায়ণের কাছে তিন গুণ বেশি খাজনা চান। এ নিয়ে কথা-কাটাকাটি হলে পারভেজ ক্ষিপ্ত হয়ে তাঁর বাবাকে ভোট দেননি কেন—এ কথা বলে নারায়ণকে মারধর করেন।
খবর পেয়ে নারায়ণের লোকজন বেলা তিনটার দিকে বাজারে গিয়ে মারধরের প্রতিবাদ করলে পারভেজের নেতৃত্বে কাইয়ুম মিয়া, জাবেদ হোসেন, উজ্জ্বল মিয়াসহ ১০-১৫ জনের একটি দল টেঁটা, বল্লম, রড ও লাঠিসোঁটা নিয়ে সামাদ প্রধানের সমর্থকদের ওপর হামলা চালায়। তারা আক্তার হোসেন, বাদল মিয়া, রুমান মিয়া, রবিউল প্রধানসহ সাতজনকে পিটিয়ে আহত করে।
আহত ব্যক্তিদের মধ্যে আক্তার ও বাদল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহত রবিউল প্রধান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
এ বিষয়ে খলিলুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে তিনি বা তাঁর ছেলে জড়িত নন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।