পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১২
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকজনকে উখিয়া ও কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ২৭ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে নির্বাচন করেন জালাল আহমদ ও জাফর আলম। নির্বাচনে জালাল আহমদ জয়ী হন। এরপর সোমবার রাত সাড়ে আটটার দিকে জালাল আহমদ কয়েকজন কর্মী-সমর্থক নিয়ে উলুবনিয়া গ্রামের লোকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ডেইলপাড়া এলাকায় পৌঁছালে জাফর আলমের নেতৃত্বে ১৫-২০ জন জালাল আহমদের ওপর হামলা চালায়। এ সময় জালাল আহমদ পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও অন্যদের এলোপাতাড়ি মারধর করা হয়। এতে আহত হন সাইফুদ্দিন (২৫), লাল মিয়া (২৩), লিয়াকত আলী (২৪), মো. জুবাইর (১৭), খুরশিদ আলম (২৬), জাফর আলম (২৫), নুরুল ইসলাম (৫২), মো. আলমগীর (২৫), আবদুল আজিজ (২৭), সাইফুল ইসলাম (৩২), আবদুস শুকুর (৩৪), আবদুল জলিল (২৫)। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। আহত লোকজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
জালাল আহমদ বলেন, ‘জাফর আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। তখন আমি প্রাণ রক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নিই। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।’
এ ব্যাপারে জাফর আলম বলেন, ‘এলাকায় আমার সুনাম রয়েছে। সেটি নষ্ট করার জন্য জালাল আহমদ নিজে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।’
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কুমার দে বলেন, এ ঘটনায় আহত লোকজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলছে।