পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা, আগুন
নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আহত চারজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁরা হলেন আবু তাহের (৭০), রাসেল উদ্দিন (৩০), ওমর ফারুক (৩৫) ও শামীম উদ্দিন (১৬)। এ ছাড়া নেছার উদ্দিন (১২), মো. ওয়াসিম (১৫), সৌরভ উদ্দিন (২০) এবং মো. একরামকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনী পূর্ববিরোধের জের ধরে নৌকার সমর্থকেরা আনারসের সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছেন। দুটি বসতঘর ভাঙচুর এবং একটি রান্নাঘর আগুনে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। হামলায় আনারসের সমর্থক পরিবারের কয়েকজন গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে তিনি এলাকায় টহলে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, চরকিং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। আর আনারস প্রতীকে নির্বাচন করে পরাজিত হন বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহিন। গত ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের আগে-পরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। আগে সংঘটিত নির্বাচনী বিরোধের জের ধরে আজ বেলা একটার দিকে বিজয়ী প্রার্থী মহিউদ্দিনের ৫০ থেকে ৬০ সমর্থক স্থানীয় মৃধা গ্রামে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহিনের সমর্থক ওমর ফারুকের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা বাড়ির দুটি বসতঘর ভাঙচুর করেন এবং একটি রান্নাঘরে আগুন দেন। এ সময় ধারালো অস্ত্রের কোপে এবং গুলিতে কমপক্ষে আটজন আহত হন। এ ঘটনার জের ধরে মহিউদ্দিন মহিনের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে এলে দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়ে। পরে হাতিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ভোটের আগে থেকেই নৌকার প্রার্থী মহিউদ্দিনের সমর্থকেরা নানা হুমকি-ধমকি দিয়ে আসছেন। আজ দুপুরে মহিউদ্দিন চেয়ারম্যানের অনুসারী মনির ও শাহজাহান মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি হামলা-ভাঙচুর শুরু করেন।
হামলার অভিযোগ অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন। এলাকায় খোঁজ নিয়ে জেনেছেন দুপুরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা তাঁর সমর্থক মমিন সর্দার ও সফির বাড়িতে হামলা এবং এনামের মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন। পরে এলাকার লোকজন উত্তেজিত হয়ে হামলাকারীদের বাড়িতে পাল্টা হামলা চালিয়েছে।