টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নে নেওয়া এমওটিএন প্রকল্পে হওয়া অনিয়ম এবং ৮০০ কোটি টাকা বেশি খরচের দায় পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ওপর চাপানোর চেষ্টা করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
প্রকল্পের ১০টি অনিয়মের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিটিসিএলের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। উত্তরে বিটিসিএল বলেছে, যা হয়েছে তার সবই পরিকল্পনা কমিশন ও ইআরডির নির্দেশনায় হয়েছে। অবশ্য পরিকল্পনা কমিশন ও ইআরডি এ বিষয়ে বলেছে, এ দায় কোনোভাবেই তাদের নয়।
অনিয়ম ও উচ্চমূল্যের অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর প্রকল্পটির ডিপিপি বা প্রকল্প প্রস্তাবনা আটকে দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি পরদিন ২৭ ডিসেম্বর এসব অনিয়মের ব্যাখ্যা দিতে বিটিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরীকে নির্দেশ দেন। ২৮ ডিসেম্বর বিটিসিএলের পরিচালনা পর্ষদের সভায় এসব অনিয়মের বিষয়ে আলোচনা হয়।
প্রকল্পের নথিপত্রে দেখা যায়, ‘ডিজিটাল সংযোগ বাড়াতে টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকীকরণ (এমওটিএন)’ নামক প্রকল্পটি বাস্তবায়নে চীনা প্রতিষ্ঠান জেডটিইর সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে চুক্তি করে বিটিসিএল। প্রকল্পের ব্যয় ধরা হয় ২ হাজার ৪৮ কোটি টাকা। অথচ একই কাজ ১ হাজার ১৬০ কোটি টাকায় করে দিতে বিটিসিএলকে প্রস্তাব দিয়েছিল সিইটিসি নামের আরেকটি চীনা কোম্পানি। কিন্তু জেডটিইকে ৮০০ কোটি টাকা বেশি মূল্যে কাজটি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাম কমানোর অনুশাসন পাশ কাটানো, সরকারি ক্রয় আইন লঙ্ঘনসহ নানা কারসাজির আশ্রয় নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী যেসব অনিয়মের ব্যাখ্যা চেয়েছিলেন, তার প্রথমেই ছিল প্রকল্পটির মাধ্যমে সরকারের ৮০০ কোটি টাকা বেশি খরচ হচ্ছে কি না। কিন্তু প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে সচিব বিটিসিএল পরিচালনা পর্ষদে যে চিঠি পাঠান, তাতে এই প্রশ্নটি গোপন করা হয়। একইভাবে বিনা দরপত্রে সরাসরি ক্রয়পদ্ধতিতে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়সংক্রান্ত
মন্ত্রিসভা কমিটির অনুমোদনসংক্রান্ত প্রশ্নও গায়েব করে দেন সচিব। তাই এসব বিষয়ে পর্ষদ সভায় কোনো আলোচনাই হয়নি।
সভায় যে সাতটি অনিয়ম নিয়ে আলোচনা হয়, তার প্রথমেই ছিল প্রকল্পটির জন্য চীনের জেডটিইকে নির্বাচিত করার যৌক্তিকতা নিয়ে। এ বিষয়ের বিটিসিএলের ব্যাখ্যায় বলা হয়, ইআরডির নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দর-কষাকষি কমিটি গঠন করে জেডটিইর সঙ্গে দর-কষাকষি করে ডিপিপি তৈরি করেছে। সে হিসেবে এ প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার ধরন ইআরডি কর্তৃক নির্ধারিত হয়েছে। দর-কষাকষি কমিটি শুধু ইআরডির নির্দেশনা অনুযায়ী খসড়া বাণিজ্যিক চুক্তি করেছে।
ইআরডির কর্মকর্তারা বলছেন, কোনো প্রকল্পের দর-কষাকষি কমিটি গঠনের নির্দেশনা দেওয়ার ক্ষমতাই ইআরডির নেই। তা ছাড়া ক্রয় আইন ও বিধি অনুযায়ী ক্রয়প্রক্রিয়ার ধরন বলে কিছু নেই, আছে ক্রয়পদ্ধতি। সব সময় ক্রয়পদ্ধতি নির্ধারণ করে ক্রয়কারী কর্তৃপক্ষ, অর্থাৎ এ ক্ষেত্রে বিটিসিএল।
এ ছাড়া বিটিসিএল প্রতিমন্ত্রীকে দেওয়া জবাবে দাবি করেছে, এটি পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত। কিন্তু এ-সংক্রান্ত পরিচালনা পর্ষদ (১৩০তম) সভার কার্যবিবরণী ঘেটে এর সত্যতা পাওয়া যায়নি। বরং খসড়া বাণিজ্য চুক্তি-পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটির জন্য আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমিত দরপত্র ডেকে কাজ দেওয়ার সুযোগ ছিল কি না—প্রতিমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে বিটিসিএল বলেছে, ইআরডি শুধু জেডটিইর সঙ্গেই দর-কষাকষি করার নির্দেশনা দিয়েছে। তাই সীমিত দরপত্র আহ্বানের কোনো সুযোগ এ ক্ষেত্রে ছিল না।
প্রকল্পটির মূল্য নির্ধারণকারী কর্তৃপক্ষ কে—এ বিষয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, বিটিসিএলের কমিটি জেডটিইর সঙ্গে দর-কষাকষি করে বৈদেশিক মুদ্রায় প্রকল্পের মূল্য নির্ধারণ করেছে। তবে প্রকল্পের চূড়ান্ত মূল্য একনেকে অনুমোদনের পর নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে মূল্য নির্ধারণকারী কর্তৃপক্ষ হবে পরিকল্পনা কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘যেকোনো প্রকল্পের বিষয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত সেটির বিষয়ে পরিকল্পনা কমিশন প্রশ্ন করতে পারে অথবা ব্যাখ্যা চাইতে পারে। এ জন্য কেউ পরিকল্পনা কমিশনের ওপর দায় চাপানোর চেষ্টা করলে সেটা গ্রহণযোগ্য হবে না।’
দর-কষাকষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা সম্পর্কে বিটিসিএলের ব্যাখ্যায় বলা হয়, প্রকল্পের জন্য চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন নামের প্রতিষ্ঠানটি ১৭ কোটি ডলার বা ১ হাজার ৩৬০ কোটি টাকার প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে। তাই এই প্রস্তাবের কোনো তথ্য আমলযোগ্য নয়। কিন্তু সিইটিসি ইন্টারন্যাশনাল নামের আরেকটি প্রতিষ্ঠানের ১৪ কোটি ৫০ লাখ ডলার বা ১ হাজার ১৬০ কোটি টাকার প্রস্তাবের বিষয়ে কোনো ব্যাখ্যা বিটিসিএল দেয়নি।
বিটিসিএলের চেয়ারম্যান হলেন ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী। তিনি সীদ্ধান্ত গ্রহণসংক্রান্ত প্রতিটি সভায় সভাপতিত্ব করেন। তিনি এ বিষয়ে প্রথম আলোকে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয়ের কাছে ফাইল আছে, আপনি সেখান থেকে জানতে পারবেন। আমি এ বিষয়ে না দেখে কিছু বলতে পারব না।’
এদিকে ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইদানীং চীনা ঋণের সব প্রকল্প সীমিত দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এতে প্রতিযোগিতার মাধ্যমে দাম কমে আসছে। বিটিসিএল সেটা অনুসরণ করলে এই প্রকল্পের ব্যয় অনেক কমে আসবে।