গুলশান হামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি জড়িত বলে পুলিশের পক্ষ থেকে বলা হলেও এ নৃশংস হত্যাযজ্ঞের পরিকল্পনাকারী কে বা কারা, সে বিষয়ে এখনো অন্ধকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হামলাকারীদের সবাই জিম্মি উদ্ধার অভিযানে নিহত হওয়ায় নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করার জন্য এ মুহূর্তে জোরালো কোনো সূত্র নেই। তাঁরা প্রযুক্তির সহায়তা, বিভিন্ন আলামতের ফরেনসিক পরীক্ষা এবং নানাভাবে গোয়েন্দা তৎপরতা চালিয়ে সূত্র পাওয়ার চেষ্টা করছেন।
গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের মোড়ে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, ১ জুলাই রাতে পাঁচ জঙ্গি ওই রাস্তার মোড় দিয়ে অন্তত ৪০০ গজ হেঁটে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় ঢুকে আক্রমণ চালায়। ৭৯ নম্বর সড়কে প্রবেশের আগে তারা কোন পথে এবং কীভাবে গুলশানে ঢুকেছে, কোনো গাড়ি ব্যবহার করেছে কি না, তা এখনো উদ্ঘাটন করা যায়নি।
পুলিশ বলেছে, গুলশানের অনেক সড়কেই সিসি ক্যামেরা নেই। ফলে জঙ্গিরা কোন পথ দিয়ে, কীভাবে গুলশানে ঢুকেছে, তার পরিষ্কার চিত্র এখনো পাওয়া যায়নি।
এদিকে নিহত পাঁচ জঙ্গির মরদেহের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করার জন্য আদালতের অনুমতি পেয়েছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, পাঁচ জঙ্গির ডিএনএ পরীক্ষার জন্য অস্থিমজ্জা সংরক্ষণ করতে গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক মো. হুকমায়ূন কবির। আদালত তা মঞ্জুর করেন।
গুলশান হামলা মামলার তদন্ত-তদারক কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশ এখন গোটা গুলশান এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জঙ্গিদের চলাচলের প্রক্রিয়া জানার চেষ্টা করছে। হলি আর্টিজান রেস্তোরাঁর আশপাশের সড়কে ১ জুলাই রাতের একাধিক ভিডিও ফুটেজে রেস্তোরাঁ থেকে প্রথম গ্রেনেড ছোড়ার সময় ৭৯ নম্বর সড়কে আরও তিন যুবকের সন্দেহজনক ঘোরাঘুরি ছিল। পরে তাঁরা উধাও হয়ে যান। তাঁরা ধরা পড়লে সবকিছুই জানা যাবে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে জব্দ করা ৭৪টি আলামত পরীক্ষার জন্য গতকাল আদালতের অনুমতি পাওয়া গেছে। গতকাল থেকে এসব আলামত সিআইডির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো শুরু হয়েছে। আলামতের মধ্যে রয়েছে পিস্তল, একে-২২ সেমি অটোমেটিক রাইফেল, এসব অস্ত্রের ম্যাগাজিন ও গুলি, চাপাতি, ছোরা, মুঠোফোন, বিস্ফোরিত গ্রেনেডের (আইইডি) সেফটি পিন ইত্যাদি।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রেস্তোরাঁর কর্মীসহ জিম্মিরা উদ্ধার হলেও তাঁদের মুঠোফোন রেস্তোরাঁয় পড়ে ছিল। জঙ্গিদের কাছে কোনো মুঠোফোন ছিল না। তারা জিম্মিদের ফোন ব্যবহার করে ভেতরের খবর ও লাশের ছবি বাইরে পাঠায়, যা ওই রাতে কথিত বার্তা সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ইন্টারনেটে প্রকাশ করে। এখন ওই সব মুঠোফোনের তথ্য বের করার লক্ষ্যে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।
একটি সূত্র জানায়, জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হাসনাত করিম ও ব্যবসায়ীপুত্র তাহমিদ হাসিব খানকে গতকালও মহানগর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নিহত পাঁচ জঙ্গিসহ ছয় পরিবারকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের একটি সূত্র জানায়, তাঁরা বোঝার চেষ্টা করছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এসব তরুণের সঙ্গে পরিবারের কারও কোনো যোগাযোগ ছিল কি না।