পরিকল্পনায় ছিলেন গাড়িচালক ও গৃহকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচালক ও দুই গৃহকর্মীর পরিকল্পনায় রামপুরায় সাবেক কর কমিশনার ও মুক্তিযোদ্ধা আবু তাহেরকে হত্যা করা হয়। প্রায় ১০ মাস তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার গাড়িচালক, গৃহকর্মীসহ ১০ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত বছরের ২ মার্চ ভোররাতে রাজধানীর পূর্ব রামপুরায় আবু তাহেরের বাসায় ডাকাতি হয়। ডাকাতেরা আবু তাহেরের মুখ কাপড় দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যার পর তাঁর হাত-পায়ের রগ কেটে দেয়।
এ ঘটনার পর প্রথমে রামপুরা থানার পুলিশ ও পরে ডিবি বিষয়টি তদন্ত করে। মামলার তদারকি কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনের সহকারী কমিশনার ইকবাল হোসেন বলেন, তদন্ত শেষে গতকাল ১০ জন আসামিকে অভিযুক্ত করে ঢাকার মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এঁদের মধ্যে আটজন গ্রেপ্তার ও দুজন পলাতক রয়েছেন। পলাতক এক আসামির নাম-পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি।
ডিবির কর্মকর্তারা জানান, স্বর্ণ ও টাকা লুটের জন্যই সাবেক কর কমিশনারের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনায় ছিল তাঁর গাড়িচালক নাছির, দুই গৃহকর্মী সেলিনা ও নূরজাহান। ভাড়াটে ডাকাত ও পেশাদার খুনিদের তাঁরা এ কাজে যুক্ত করেন। এ বিষয়ে নিহত আবু তাহেরের ছোট ছেলে এ টি এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, ডিবির তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে তাঁরা একমত, সন্তুষ্ট। তাঁরা এখন দ্রুত বিচারের মাধ্যমে আসামিদের যথাযথ শাস্তি দাবি করছেন।