পরিকল্পিত হত্যা না গণপিটুনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের মৃত্যুর কারণ নিয়ে পরিবার ও পুলিশের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে তিনি গণপিটুনির শিকার হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে পরিবার বলছে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান যুবদল নেতা মো. আবুল হাশেম (৪৩)।

পুলিশের দাবি, রাউজানের হলদিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আবুল হাশেম গণপিটুনির শিকার হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি কার্তুজ ও চারটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

নিহত আবুল হাশেমের বাড়ি রাউজান পৌর এলাকার ছত্তরপাড়া এলাকায়। তিনি ঠিকাদারি এবং ইট-বালুর ব্যবসা করতেন বলে তাঁর পরিবার জানায়।

রাউজান থানা যুবদলের আহ্বায়ক সাবের সুলতান প্রথম আলোকে বলেন, আবুল হাশেমের মৃত্যুর ঘটনা পরিকল্পিত। তিনি ঠিকাদারি করে সংসার চালান। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত আবুল হাশেমের বিরুদ্ধে রাউজান থানায় একটি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। ২০১৪ সালে হওয়া সেই মামলায় তাঁর বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁকে উপজেলার হলদিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল ভোরে মারা যান তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, আবুল হাশেম ডাকাতি মামলার আসামি। উপজেলার হলদিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনি গণপিটুনির শিকার হন। পুলিশ তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশের এ দাবি প্রত্যাখ্যান করে আবুল হাশেমের স্ত্রী পারভিন আক্তার গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রথম আলোকে বলেন, ‘শহর থেকে তিনি (হাশেম) রাউজানের ইয়াসিন নগরে তাঁর দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়িতে গিয়েছিলেন। রাত সাড়ে আটটায় আমার ছোট ছেলে মুন্নাকে (১১) ফোন করে তিনি ঘরে বাজারসদাই আছে কি না, জিজ্ঞেস করেছিলেন।’

পারভিন আক্তার জানান, ছেলেকে ফোন করে তিনি (হাশেম) ফটিকছড়ির মাইজভান্ডার শরিফে যাওয়ার কথা বলেছিলেন। সেখানে রাত কাটিয়ে শুক্রবার সকালে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে নয়টায় তাঁর মৃত্যুর সংবাদ জানতে পারেন তিনি। এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছেন তিনি। তবে কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করেননি পারভিন আক্তার।