
রাজশাহীতে আওয়ামী লীগের নেতা জিয়াউল হককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে মামলা করেছেন তাঁর স্ত্রী নূরুন্নাহার লতা। গতকাল সোমবার বিকেলে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় এই মামলা করা হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক জিয়াউল হক (৪৮) গত রোববার বিকেলে নিজ ব্যবসায়িক কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে পরে হাসপাতালে মারা যান।
মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে। প্রধান আসামি ঢাকার মতিঝিল এলাকার নয়ন নামের এক ব্যবসায়ী। আরেকজন কানাডাপ্রবাসী তরিকুল। তাঁর পৈতৃক নিবাস রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায়। পুলিশের ভাষ্য, তিনিই নয়নকে ঢাকা থেকে নিয়ে এসেছিলেন। তরিকুল যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য বিমান ও স্থলবন্দরগুলোতে বার্তা পাঠানো হয়েছে। অন্য আসামিরা হলেন জিয়াউল হকের ব্যবসায়িক বন্ধু জসীম উদ্দিন, রবিউল ইসলাম ও অজ্ঞাতনামা একজন। জসীমের বাড়ি নগরের নিউমার্কেট ও রবিউলের বাড়ি মহিষবাথান এলাকায়। জসীম ও রবিউলকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে জিয়াউল হককে বাড়ি থেকে ডেকে তাঁর ব্যবসায়িক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নগরের গ্রেডার রোড এলাকায় ইস্টি কনস্ট্রাকশন নামে তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত। সেখানে তাঁকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর তরিকুল তাঁর টিকাপাড়ার বাসায় তালা লাগিয়ে ওই রাতেই সপরিবারে পালিয়ে যান। তাঁদের সঙ্গে ছিলেন নয়নও।
জিয়াউল হকের বড় ভাই আমিনুল হক বাচ্চুর দাবি, পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক বা ব্যবসায়িক কারণে তাঁকে হত্যা করা হতে পারে। ঢাকায় তাঁর ভাইয়ের ব্যবসা ছিল। সেই ব্যবসাসংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি নয়ন জিয়াউলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। দু-তিনবার তাঁকে রাজশাহীতেও দেখা গেছে।
রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জিয়াউল হকের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের শহীদ কামারুজ্জামান চত্বরে জানাজা হয়। পরে হেতেমখাঁ কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, জিয়াউল হকের পিঠের মাঝখানে গুলি লেগে বুকের ডান পাশ দিয়ে বের হয়ে গেছে। গুলি লাগার সময় তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন। গুলিতে পেছনের হাড় ও ফুসফুসে ক্ষত হয়েছে। গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সেলিম বাদশা বলেন, ‘কানাডাপ্রবাসী আসামি যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে। পলাতক আসামি নয়নকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
রোববার বিকেল সাড়ে চারটার দিকে জিয়াউল হকের ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাত খাওয়ার প্রস্তুতির সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পরে তিনি মারা যান। তাঁর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন আসামি জসীম উদ্দিন ও রবিউল ইসলাম। সেখান থেকে পুলিশ তাঁদের আটক করে।