পরিচালকেরাই নিয়ে গেছেন প্রায় ১৩০০ কোটি টাকা
ব্যাংকবহির্ভূত দুই আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়ম ভেঙে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা বের করে নিয়েছেন পরিচালকেরা। এর মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) থেকে ৭০৩ কোটি টাকা নিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মেজর (অব.) আবদুল মান্নান। আর পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫৭০ কোটি টাকা বের করে নিয়েছেন প্রতিষ্ঠানটির পাঁচ পরিচালক।
এসব অনিয়মের ঘটনায় প্রতিষ্ঠান দুটির বেশির ভাগ পরিচালককে অপসারণ করে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরে প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান পদে পরিবর্তনের পাশাপাশি মালিকানাও বদল হয়েছে। তারপরও শেষরক্ষা হয়নি। মালিকানা বদল হলেও পিপলস লিজিংয়ে আবার ঋণ দেওয়ায় অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
কয়েক বছর ধরেই ব্যাংকগুলোতে নানা ধরনের আর্থিক কেলেঙ্কারি ঘটেছে। এখন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও (এনবিএফআই) অনিয়মের ঘটনা ধরা পড়ছে। যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, অনিয়ম ব্যাংকের পাশাপাশি এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন অনিয়ম ধরছে, বিবরণী প্রস্তুত করছে। কিন্তু যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে অনিয়মও বন্ধ হচ্ছে না। অনিয়ম রোধে বাংলাদেশ ব্যাংককে আরও শক্ত অবস্থান নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুযায়ী, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সানম্যান গ্রুপের কর্ণধার। বিআইএফসির বড় অংশের শেয়ার এ গ্রুপের নিয়ন্ত্রণে। প্রতিষ্ঠার পর থেকে বিআইএফসির চেয়ারম্যান হয়েছেন মেজর (অব.) আবদুল মান্নান ও তাঁর স্ত্রী কুলসুম মান্নান। গত ডিসেম্বর পর্যন্ত নামে-বেনামে সানম্যান গ্রুপের ৩৪ কোম্পানি বিআইএফসি থেকে বের করে নেয় ৭০৩ কোটি টাকা। এর মধ্যে ২৭ প্রতিষ্ঠানের নামে ৫৭০ কোটি টাকা সরাসরি নেওয়া হয় এবং ৭ প্রতিষ্ঠানের গ্যারান্টির নামে নেওয়া হয় আরও ১৩৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমোদন নিতে হয়। আর কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে এসব অনিয়ম বের হওয়ার পর চেয়ারম্যান কুলসুম মান্নান এবং তাঁর মেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক তানজিলা মান্নানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে বিআইএফসিকে চিঠিও দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসানকে বিআইএফসিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ডিসেম্বর পর্যন্ত বিআইএফসি ঋণ বিতরণ করেছে ১ হাজার ৬৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৮৮৪ কোটি টাকা। অর্থাৎ বিতরণ করা ঋণের ৮৩ দশমিক ১২ শতাংশই খেলাপি হয়ে গেছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার পরও নতুন করে অর্থ বের করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে বন্ধ হয় এ প্রক্রিয়া। এরপর থেকে এক কোটি টাকার বেশি ঋণ অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বাধ্যবাধকতা আরোপ করা হয়। এখন পর্যন্ত সানম্যান গ্রুপের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা আদায় করা গেছে।
কয়েক দফা যোগাযোগ করেও মেজর (অব.) আবদুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের দু-দিন পর তাঁর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম জানান, গ্রুপের পক্ষে জনসংযোগ প্রধান ফারুক খান বক্তব্য দেবেন। পরে ফারুক খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শুধু বাংলালায়নের পক্ষে আমি বক্তব্য দিয়ে থাকি। অন্য বিষয়গুলো আমি দেখি না।’
একইভাবে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫৭০ কোটি টাকা বের করে নিয়েছেন পরিচালকেরা। এর বড় অংশই বের করা হয় প্রতিষ্ঠানটির পরিচালক সামসুল আলামিন গ্রুপের নামে। গ্রুপের ২০ প্রতিষ্ঠান এবং কয়েকজন পরিচালকের নামে অনিয়ম করে বের করা হয় ১৪০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেনের নামে নেওয়া হয় ১২৩ কোটি টাকা। এ ছাড়া অন্য পরিচালক মতিউর রহমান ও খবির উদ্দিন, সাবেক পরিচালক ইউসুফ ইসমাইল নিয়েছেন বাকি অর্থ।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এসব অনিয়ম বের হওয়ার পর প্রতিষ্ঠানটি থেকে চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেন, সামসুল আরেফিন, নার্গিস আলামিন, হুমায়রা আলামিন ও খবির উদ্দিনকে অপসারণ করা হয়। পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেনকে। গত ডিসেম্বর শেষে পিপলস লিজিংয়ের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৫২৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৫২০ কোটি টাকা। অর্থাৎ খেলাপির হার ৩৪ দশমিক ১৩ শতাংশ।
সামসুল আলামিন গ্রুপের অন্যতম কর্ণধার আলমগীর সামসুল আলামিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের নামের ৯৭ কোটি টাকা ঋণ চলতি মাসে নিয়মিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এ-সংক্রান্ত অনুমোদন দিয়েছে। এসব ঋণ আসলে অনুমোদনহীন ছিল না। আমরা পরিস্থিতির শিকার হয়েছি। এসব নিয়ে এখন কথা বলে আর কী হবে?’
জানা গেছে, প্রতিষ্ঠানটিতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার পর এখন পর্যন্ত সামসুল আলামিন গ্রুপ থেকে ৯১ কোটি টাকা আদায় করা গেছে। তবে অন্য প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ে কোনো উন্নতি হয়নি।
পিপলস লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে আমরা ৯১ কোটি টাকা আদায় করতে পেরেছি। বর্তমানে নতুন পর্ষদ এসেছে, এতে প্রতিষ্ঠানটি নিয়মের মধ্যে চলে এসেছে। অর্থ আদায়ে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, পরিচালকেরা অবৈধভাবে অর্থ বের করে ফেলায় প্রতিষ্ঠান দুটিতে পর্যবেক্ষক বসানো হয়েছে। এর ফলে পরিস্থিতির উন্নতি না হলেও অবনতি ঠেকানো যাচ্ছে। পর্যবেক্ষকেরা পর্ষদের নিয়মিত সভায় উপস্থিত থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুনমতো চলতে সহায়তা করছেন।
আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান মফিজউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, পাঁচ বছর আগেও তেমনটি ছিল না। আগে এভাবে নিয়ন্ত্রণ করা গেলে দুটি প্রতিষ্ঠান এত বড় অনিয়মের সুযোগ পেত না।’
পিপলস লিজিংয়ে আবারও দুর্নীতি!: এদিকে পিপলস লিজিংয়ে আবারও অনিয়ম শুরু হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটিতে নতুন উদ্যোক্তারা এসব অনিয়ম শুরু করেছেন বলে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সভায় নিউ টেক স্পিনিং, গেলকো স্টিল, ন্যাচার বাংলাদেশের নামে ১২০ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়েছে। যদিও এসব প্রতিষ্ঠান নতুন। এ ছাড়া ঋণের জন্য পর্যাপ্ত নথিপত্রও জমা দেওয়া হয়নি। মতামত উপেক্ষা করেই এসব ঋণপ্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না করেই ঋণ অনুমোদন শুরু হয়েছে বলে লিখিতভাবে জানিয়েছেন আমজাদ হোসেন।
এ বিষয়ে শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না।’