পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১ নম্বরের মুক্তিযোদ্ধা হক প্লাজা মার্কেট পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন বিপণিবিতানটির ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় গত শুক্রবার বিপণিবিতানের ১৩টি দোকানের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজি থেকে প্রতিকার পেতে তাঁরা দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানতে চাইলে মুক্তিযোদ্ধা হক প্লাজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, নিয়ম মেনে সবকিছু করা হচ্ছে। কিছু দোকানমালিক অরাজকতা করছেন। তাঁরা তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে দারুস সালাম থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার মুক্তিযোদ্ধা হক প্লাজাক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ১৩ জন সদস্য মার্কেট পরিচালনা কমিটির বিরুদ্ধে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনারের কাছে লিখিত আবেদন করেন। এতে বলা হয়, মুক্তিযোদ্ধা হক প্লাজা নির্মাণ শেষ হওয়ার পর তাঁরা পজেশন কিনে ব্যবসা চালিয়ে আসছেন। শুরু থেকেই মার্কেট কর্তৃপক্ষসহ বহিরাগত ব্যক্তিরা ব্যবসায়ীদের চাপ দিয়ে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না পেয়ে গত শুক্রবার মার্কেটের চারটি তলার ১৩ দোকানের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বহিরাগত ব্যক্তিদের অস্ত্রের মুখে ব্যবসায়ীরা দোকানে ঢুকতে পারছেন না। তাঁরা ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিচ্ছে। এ অবস্থায় তাঁরা শঙ্কিত।

মার্কেটটির কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, মার্কেট পরিচালনা কমিটির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ৭ ডিসেম্বর ২২ জন দোকানমালিক ও ব্যবসায়ী মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ফাতেমা বেগম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের কাছে আইনি নোটিশ পাঠান। এরপর গত শুক্রবার ১৩ দোকানের বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেওয়া হয়। গত শুক্রবার কয়েকজন ব্যবসায়ী মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জিডি করেন।

ব্যবসায়ীদের করা জিডির তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের বলেন, তিনি ঘটনার তদন্ত শুরু করেছেন। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তিনি। উদ্ভূত পরিস্থিতি নিরসনে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

মিরপুর ১ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশে সাততলার মুক্তিযোদ্ধা হক প্লাজার অবস্থান। বিপণিবিতানটিতে ১০২টি দোকান আছে। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের কাছ থেকে ডেসকো–নির্ধারিত বিলের চেয়ে বেশি বিল আদায় করছে মার্কেট পরিচালনা কমিটি। কোনো সেবা না দিয়েই সার্ভিস চার্জ বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। কোনো দোকানে পানি সরবরাহের লাইন নেই, পানি সরবরাহ করাও হয় না। তবু পানির বিল হিসেবে প্রতিটি দোকান থেকে ৩৫০ টাকা করে চাঁদা আদায় করা হয়। জেনারেটর না চালিয়েও প্রতিটি দোকান থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়। ২০০ টাকা করে ভ্যাটও নেওয়া হচ্ছে তাঁদের কাছ থেকে। এ ছাড়া কর্তৃপক্ষ মার্কেটের সামনের ফুটপাতে ৩৬টি দোকান বসিয়ে চাঁদা নিচ্ছে।

একাধিক ব্যবসায়ী বলেন, অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে পরিচালনা কমিটিকে চাঁদা দিয়ে আসছেন।