প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার অপরাধে পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সূত্রের বিবরণ অনুযায়ী, ১৯ এপ্রিল সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জগন্নাথ রায়কে লাঞ্ছিত করেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সুনীল কান্তি বিশ্বাস। শিক্ষার্থীরা পরিচালনা পর্ষদের ওই সদস্যকে বরখাস্তের দাবিতে আন্দোলন শুরু করে। গত শনিবার তারা মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশ থেকে সুনীল কান্তিকে বরখাস্তের জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। এ সময় তারা ক্লাস বর্জনেরও ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে পরিচালনা পর্ষদ অভিভাবক ও এলাকার সুধীজনের সঙ্গে এক বৈঠক করে। ওই বৈঠকে সুনীল কান্তি বিশ্বাসকে অভিভাবক সদস্যপদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।