পরিচালনা পর্ষদের সদস্যের মারধরে স্কুলছাত্র আহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা গৌড়স্থান উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এক সদস্যের মারধরে নবম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সোমবার বিকেল চারটার দিকে পরিচালনা পর্ষদের সদস্য সাইদুল আলম বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে না আসার কারণ জানতে চান নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল-মামুনের কাছে। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিল-ঘুষি মেরে বাথরুমে আটকে রাখেন সাইদুল আলম। সেখানেও তাকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে আবদুল্লাহ আল-মামুন জ্ঞান হারালে প্রধান শিক্ষক তাকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক আজম খান বলেন, ‘ওই ঘটনার সময় আমি শ্রেণিকক্ষে ছিলাম। খবর পেয়ে ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসি।’

আবদুল্লাহ আল-মামুনের মা খালেদা বেগম বলেন, ‘আমি মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি। আমার নিরপরাধ ছেলেকে এভাবে মেরে আহত করার উপযুক্ত বিচার চাই।’

এ ব্যাপারে বক্তব্য জানতে সাইদুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রিজিয়া রেজা চৌধুরী বলেন, সাইদুল আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, ছাত্রটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।