দুই দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লার লামাপাড়া এলাকায় নগরের ময়লা-আবর্জনা ফেলার সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মারধর করা হয়। এতে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলায় সিটি করপোরেশনের চারটি ময়লাবাহী ট্রাকের কাচ ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীরা নগর ভবনের প্রধান প্রবেশপথে ট্রাক রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয় ঘেরাও করে এর প্রতিবাদ জানান। তাঁরা কাজ করার সময় নিজেদের নিরাপত্তা দাবি করেছেন।
গতকাল বিকেলে ভারপ্রাপ্ত মেয়র হাজি ওবায়েদউল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত নগরের ময়লা-আবর্জনা অপসারণ বন্ধ রাখা হবে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হওয়ার পর পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা এবারই প্রথম। ঘটনাস্থলে পুলিশের সিসি ক্যামেরায় সবকিছু ধারণ করা আছে। পুলিশ আন্তরিক হলে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একজন ‘গডফাদার’ সাংসদের ক্যাডাররা প্রকাশ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা করলেও এ ঘটনায় ফতুল্লা থানায় দেওয়া অভিযোগ এজাহার হিসেবে পুলিশ গ্রহণ করেনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্যানিটেশন পরিদর্শক মো. আলমগীর হিরন জানান, লিংক রোডের পাশে ময়লা-আবর্জনা ফেলায় গত সোমবার পরিবেশ অধিদপ্তর সিটি করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করে। এ কারণে মঙ্গলবার ও বুধবার নগরের ময়লা-আবর্জনা অপসারণ বন্ধ রাখা হয়। এ বিষয়ে বুধবার দুপুরে কাউন্সিলরদের এক সভায় নগরবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে গতকাল আবারও ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করার সিদ্ধান্ত হয়। নতুন ময়লা ফেলার স্থান (ডাম্পিং গ্রাউন্ড) নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আগের জায়গায়ই বর্জ্য ফেলার সিদ্ধান্ত হয়।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, গতকাল দুপুর পৌনে ১২টায় ময়লাবাহী তিনটি ট্রাক লিংক রোডের পাশে ফতুল্লার লামাপাড়া এলাকায় বর্জ্য ফেলতে গেলে শতাধিক লোক লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। তারা পুলিশের উপস্থিতিতে হামলা চালালেও পুলিশ তাতে বাধা দেয়নি। হামলাকারীরা ট্রাক থেকে চালক ও পরিচ্ছন্নতাকর্মীদের টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এতে ট্রাকচালকসহ ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। এ সময় সিটি করপোরেশনের চারটি ট্রাকও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় সিটি করপোরেশনের কর আদায়কারী মাজহার উদ্দিন খন্দকার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেনি।
ভারপ্রাপ্ত মেয়র হাজি ওবায়েদউল্লাহ জানান, কারা হামলা চালিয়েছে, তা নারায়ণগঞ্জবাসী জানেন। তবে এই হামলার সঙ্গে হরতাল ও অবরোধকারীরা জড়িত নয়। ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। বর্তমানে পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত বর্জ্য অপসারণ স্থগিত করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সিটি করপোরেশনের অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, ‘বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে কথা হয়েছে। আমরা বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছি।’