সিলেট নগরের জিন্দাবাজারে এক ব্যক্তিকে হত্যা করে টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সিলেট নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নিহত ব্যক্তি হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর গ্রামের আসাদুজ্জামান রিপন। তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন তরুণ হলেন নগরের খাসদবির এলাকার সুমন মিয়া ওরফে মানিক (২১), চোকিদেখি এলাকার জমির উদ্দিন (১৯) ও মজুমদারি এলাকার হাসান আলী (২০)।
পুলিশ জানায়, ১২ এপ্রিল রাত প্রায় ২টার দিকে আসাদুজ্জামান ও হাছনা হেনা একটি ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে দরগাহ এলাকায় যাচ্ছিলেন। নগরের জিন্দাবাজারের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা অটোরিকশার গতি রোধ করেন। এ সময় আসাদুজ্জামান বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন হাছনা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাত লোকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই একটি বিশেষ দল গঠন করে ছিনতাইকারীদের ধরার জন্য অভিযানে নামে। গত রোববার রাতে পুলিশ নগরের খাসদবির থেকে সুমন, চোকিদেখি এলাকা থেকে জমির উদ্দিন ও মজুমদারি থেকে হাসানকে গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর পোশাক এবং হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) সাদেক কাউসার দস্তগীর দাবি করেন, গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।