রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ওয়ার্ড নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ময়লার দুর্গন্ধে রোগীরা অতিষ্ঠ হয়ে উঠছেন।
স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান গতকাল সোমবার হাসপাতাল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বেলা দুইটার দিকে সাংসদ আহসানুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর আকস্মিক ওই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তাঁরা সরাসরি রোগী ভর্তি ওয়ার্ডে গিয়ে দেখতে পান, মেঝেতে ময়লা জমে আছে। রোগীদের ব্যবহার করা পাত্রগুলো পরিষ্কার করা হয়নি, শৌচাগারগুলো নোংরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ সময় চিকিৎসাধীন ঘনিরামপুর গ্রামের শামছুন্নাহার ওই জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করে বলেন, দুর্গন্ধে হাসপাতালে থাকা যাচ্ছে না। মেনানগর গ্রামের রোগী রাশেদা বেগম বলেন, ‘গন্ধের কারণে কাপড় দিয়ে নাক-মুখে চাপি থাইকপার নাগে।’ সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ার্ডের এ দুরবস্থা দেখে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার শাজাহানের খোঁজ করেন। কিন্তু এ সময় শাজাহান স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন না।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী বলেন, ‘হাসপাতালের ভর্তি ওয়ার্ডে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে রোগীদের দুর্ভোগ দেখেছি। তাৎক্ষণিকভাবে ওয়ার্ডগুলো পরিষ্কার করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। তিনি কথা না শুনলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা চেয়ারম্যান আনিছুর বলেন, অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারর পরিকল্পনা কর্মকর্তা শাজাহান মুঠোফোনে প্রথম আলোকে জানান, হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর (সুইপারের) পদ পাঁচটি। আছেন চারজন। তাঁরা নিয়মিত হাসপাতালে আসেন না। এতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় কিছুটা সমস্যা হচ্ছে। হাসপাতালে না আসায় তাঁদের বেতন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি রংপুরের সিভিল সার্জনকে জানানো হয়েছে।