পরিত্যক্ত কুয়ায় বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর নওগাঁর মান্দা উপজেলার কুড়িয়াপাড়া এলাকায় পরিত্যক্ত কুয়া থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল মালেক (৩৫) কুড়িয়াপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কসব ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের প্রবাসী মনিরুল ইসলামের বাড়ির একটি পরিত্যক্ত কূপ থেকে আবদুল মালেকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত মালেকের স্ত্রী ডলি বিবি বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কসব ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ও প্রবাসী মনিরুল ইসলামের ছোট ভাই আমিরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মেহের আলী আকন্দের ছেলে পিন্টু হোসেন (২৬)।

নিহত আবদুল মালেকের মামা কসব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়বর আলী মণ্ডল বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে আমিরুল ইসলাম মোবাইল ফোনে মালেককে তাঁর বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বিষয়টি থানা-পুলিশকে জানালে বৃহস্পতিবার রাতে পুলিশ আমিরুল ইসলামকে আটক করে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ‘গতকাল বৃহস্পতিবার আবদুল মালেকের নিখোঁজের বিষয়টি থানায় জানায় তাঁর পরিবারের লোকজন। এরপর আমরা ঘটনাটি তদন্ত করে প্রথমে আমিরুল ইসলামকে সন্দেহমূলকভাবে আটক করি। আমিরুলের দেওয়া তথ্য অনুযায়ী প্রবাসী মনিরুলের বাড়ির একটি পরিত্যক্ত কূপ থেকে মালেকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পিন্টু হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা করেছেন।’

ওসি আরও জানান, আসামিদের পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, আমিরুলের কাছ থেকে নিহত মালেক দুই লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত দেওয়া নিয়ে আমিরুল তাঁর বাড়িতে ডেকে নিয়ে পিন্টুর সহযোগিতায় মালেককে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তাঁর লাশ পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দেয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে বিষয়টি তদন্ত করে তাঁদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।