পরিত্যক্ত জমিতে যুবকের গলাকাটা লাশ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা হয়েছে।
নিহত ব্যক্তির নাম জনি শেখ (১৮)। তিনি উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের মো. মজনু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মৃধাবাড়ি রাস্তায় একটি ইজি বাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) পরে থাকতে দেখে স্থানীয় লোকজন। এর মধ্যে সামান্য কিছু রক্ত লেগে ছিল। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি টহল পুলিশকে জানালে পুলিশ ইজি বাইকটি থানায় নিয়ে যায়। আজ ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি পরিত্যক্ত জমিতে জনির রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জনি শেখের বড়ভাই মো. রনি শেখ বলেন, আমার ভাই অটোরিকশা চালায়। এ কারণে প্রায়ই অনেক রাতে বাড়ি ফেরে। বুধবার গভীর রাতেও সে বাড়ি না ফেরায় আমরা আশ-পাশে খোঁজ করি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আজ সকালে খবর পাই, মধ্যম শিয়ালদিতে একটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের গলাকাটা লাশ দেখতে পাই। তিনি দাবি করেন, তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জনিকে দুই-তিন মাস আগে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জনির বাবা মজনু শেখ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।