পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখানবাজার এলাকার পরিত্যক্ত একটি ভবন থেকে গতকাল শনিবার এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
হেলাল মণ্ডল নামের এক ব্যক্তি জানান, লাশটি তাঁর ছেলে ফজলে রাব্বির (২১)। তাঁর ছেলে নাসিরাবাদ এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করত। গত বৃহস্পতিবার থেকে তাঁর ছেলে নিখোঁজ ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পরিত্যক্ত ভবনটি থেকে লাশের দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশটি ফজলে রাব্বির বলে মনে হওয়ায় পুলিশ তাঁর মাকে ডেকে পাঠায়। কিন্তু ফজলে রাব্বির মা এসে বলেন, লাশটি তাঁর ছেলের নয়। পরে পুলিশ লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। বিকেলে রাব্বির বাবা হেলাল মণ্ডল মর্গে গিয়ে লাশটি তাঁর একমাত্র ছেলে ফজলে রাব্বির বলে নিশ্চিত করেন। পুলিশ জানায়, এ ব্যাপারে বিভ্রান্তি দেখা দেওয়ায় লাশের ডিএনএ পরীক্ষা করা হবে।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, রোববার হেলাল মণ্ডলের কাছে লাশ হস্তান্তর করা হবে।
হেলাল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘লাশটি আমার একমাত্র ছেলে ফজলে রাব্বির। সে বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। সেদিনই সম্ভবত তাকে খুন করা হয়েছে।’ তিনি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তিনি জানেন না।
স্থানীয় বাসিন্দারা বলেন, পরিত্যক্ত ভবনটি বখাটে এবং মাদকাসক্ত ব্যক্তিদের আখড়ায় পরিণত হয়েছে। ভবনের বিভিন্ন তলায় মাদক সেবন এবং অসামাজিক কাজ চলে।