পরিত্যক্ত ভবনে ওষুধ সংরক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব ভবন না থাকায় খুলনা জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) দুটি পরিত্যক্ত ভবনে ওষুধ সংরক্ষণ করছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, দেড় শ শয্যার জেনারেল হাসপাতালসহ খুলনার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৪টি উপস্বাস্থ্যকেন্দ্র, তিনটি আরবান ডিসপেনসারি, একটি ২০ শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতাল, একটি ১০ শয্যার হাসপাতাল এবং ১৮৭টি কমিউনিটি ক্লিনিকের জন্য এ কার্যালয় থেকে বিনা মূল্যের ওষুধ সরবরাহ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, এসব ওষুধ সংরক্ষণের জন্য জেনারেল হাসপাতালের দুটি পরিত্যক্ত দোতলা ভবনের আটটি কক্ষ ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে একটি ভবন আগে নারী ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হতো, অন্যটি জেনারেল হাসপাতালের চিকিৎসকদের আবাসনের কাজে ব্যবহার করা হতো।
নারী ওয়ার্ডের নিচতলার একটি কক্ষে গিয়ে দেখা যায়, ছাদের রড বেরিয়ে গেছে। কয়েক জায়গায় বড় বড় ফাটল ধরেছে। এর মধ্যেই সেখানে প্রচুর ওষুধের প্যাকেট স্তূপ করা। হাসপাতালের একজন কর্মী বলেন, অন্য কক্ষগুলোর অবস্থাও একই রকম।
সিভিল সার্জন ইয়াসিন আলী সরদার বলেন, ‘খুলনাতে সুনির্দিষ্ট কোনো সিভিল সার্জন অফিস নেই। কাজ চালিয়ে নিতে গাদাগাদি করে আমাদের বিভিন্ন সেকশন জেনারেল হাসপাতালের কয়েকটি ভবনে বসে।’ তিনি আরও বলেন, ‘পরিত্যক্ত ভবনে ওষুধগুলো এলোমেলো করে রাখা হচ্ছে। এতে গরমের সময় অতিরিক্ত গরমে এবং বর্ষার সময় অতিরিক্ত আর্দ্রতায় ওষুধের গুণমান নষ্ট হচ্ছে।’
পাঁচটি আলাদা ভবনে কার্যক্রম: খুলনা জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে পাঁচটি আলাদা ভবন থেকে। এর মধ্যে চারটি ভবনই নগরের ভৈরব স্ট্যান্ড রোডে অবস্থিত জেনারেল হাসপাতালের। হাসপাতাল চত্বরে দোতলা ছোট একটি ভবনের ওপরের তলায় বসেন সিভিল সার্জন। জরাজীর্ণ এ ভবনের নিচতলায় একটি কক্ষে বসেন সহকারী সিভিল সার্জনসহ চারজন প্রথম শ্রেণির কর্মকর্তা। সহকারী সিভিল সার্জন ইসহাক আলী বলেন, ‘আতঙ্কে থাকি কখন ছাদ ধসে পড়ে।’
দোতলা এ ভবনটির পাশেই আরেকটি পুরোনো ভবনের ছোট কক্ষে কার্যালয়ের হিসাব বিভাগ। আর হাসপাতাল চত্বরের বাইরে জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার পরিত্যক্ত বাসভবনে পরিসংখ্যান বিভাগ, স্বাস্থ্য শিক্ষা শাখাসহ আরও তিনটি বিভাগের কার্যক্রম চলছে। সবচেয়ে খারাপ অবস্থা এই ভবনের পাশেই আরেকটি ভবনের। যেখান থেকে সিভিল সার্জন কার্যালয়ের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কার্যক্রম চলে। এ ভবনেই রয়েছে জেনারেল হাসপাতালের সমাজসেবা কার্যালয়। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া বেগম বলেন, ভবনটি যেকোনো সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে।
জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘সম্প্রতি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জানতে চেয়েছিল, আমাদের কোথায়, কী লাগবে। আমরা সব ধরনের চাহিদা চিফ ইঞ্জিনিয়ারের কাছে পাঠিয়েছি।’