পরিত্যক্ত মালামাল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ১০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই ও ছাত্রলীগের স্থানীয় এক নেতার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার মৌচাক এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হলে তাঁদের মুক্তির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি স্থানে অবরোধ করেন তাঁদের সমর্থকেরা।
কারখানা কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মৌচাক এলাকার ‘নিলয় মোটরস লিমিটেড’ কারখানার সঙ্গে তিন মাস ধরে পরিত্যক্ত মালামালের ব্যবসা করছেন মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনের ছোট ভাই জুয়েল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাখাওয়াত হোসেন। পরপর দুই মাসসাখাওয়াতের নামে কারখানা থেকে মালামাল বের হলে দুই ব্যবসায়িক অংশীদারের মধ্যে বিরোধ দেখা দেয়।
গতকাল জুয়েল নিজের নামে কারখানা থেকে মালামাল বের করলে সাখাওয়াতের লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন। একপর্যায়ে সাখাওয়াতের পক্ষ হয়ে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ৩০ থেকে ৪০টি মোটরসাইকেলে করে দলবল নিয়ে এসে এলাকায় ফাঁকা গুলি ছোড়েন। পরে থানার পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে এরশাদ ও তাঁর এক সহযোগীকে আটক করে।