পরিত্যক্ত সেপটিক ট্যাংকে যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে গতকাল রোববার সন্ধ্যায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার কারণে লাশটি শনাক্ত করা যাচ্ছে না।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর ফটকের পাশে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। ওই ট্যাংকের পাশ দিয়ে যাতায়াতের সময় লোকজন দুর্গন্ধ পান। পরে তাঁরা খোঁজাখুঁজির একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফাঁড়ির পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হোতাপাড়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশটি ওই সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়। এরপর লাশের চেহারা বিকৃত করার জন্য পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও জানান, এ ঘটনায় জয়দেবপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।