পরিত্যক্ত সোনা মেলে, পাচারকারী ধরা পড়ে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বছরের ৭০ দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি ফ্লাইট থেকে ৯০ কেজি সোনা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এই সোনার দাম প্রায় ৪৫ কোটি টাকা। এগুলো উড়োজাহাজের আসন কিংবা শৌচাগারে ছিল। গত বৃহস্পতিবারও সিঙ্গাপুরের একটি উড়োজাহাজ থেকে প্রায় আড়াই কেজি সোনার বার উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ।

সাতটির মধ্যে ছয়টি ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি। একটি ঘটনায় দুজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে শুল্ক বিভাগ জানিয়েছে। সাতটি ফ্লাইটে আসা এই চালানের মধ্যে তিনটি বড় চালান এসেছে মালয়েশিয়া থেকে ঢাকাগামী ফ্লাইটে। বাকি চারটির দুটি সিঙ্গাপুর থেকে। আর ব্যাংকক ও কাতার থেকে একটি করে চালান এসেছে। এর মধ্যে বাংলাদেশ বিমানে আসা দুটি চালানে ১৭ কেজি, রিজেন্ট এয়ারওয়েজে তিনটি চালানে ১৬ কেজি ৮০০ গ্রাম, মালয়েশিয়ান এয়ারলাইনসে একটি চালানে ২৩ কেজি ২০০ গ্রাম ও মালিন্দো এয়ারে একটি চালানেই এসেছে ৩২ কেজি ৭০০ গ্রাম সোনা।

ঢাকা কাস্টম হাউসের এক কর্মকর্তা জানান, সোনা পাচারের কৌশল পরিবর্তন হয়েছে। পাচারকারীরা বর্তমানে দুবাই কিংবা মধ্যপ্রাচ্য রুট পরিবর্তন করে মালয়েশিয়া থেকে সোনা আনছে। অল্প কিছু চালান আসছে সিঙ্গাপুর থেকে। ওই শুল্ক কর্মকর্তা বলেন, যে রুট থেকেই আসুক না কেন, প্যাকেটের রঙেই বোঝা যায় সোনার চালানগুলো উড়োজাহাজ থেকে কাদের বের করে আনার কথা। কালো টেপের প্যাকেট উড়োজাহাজের ভেতর থেকে ক্লিনাররা বের করেন। বাদামি স্কচটেপের প্যাকেট ও স্কেল আকৃতির প্যাকেট বের করার দায়িত্ব থাকে টেকনিশিয়ানদের। মোবাইল ফোনসেটের আকৃতির প্যাকেটে একটি লম্বা সুতা জড়ানো থাকলে সেগুলো ওই বিমান সংস্থার ক্রুরা বের করেন। পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৭০ কেজি সোনা কালো স্কচটেপ দিয়ে জড়ানো ছিল। যে এয়ারলাইনসের বিমানই হোক না কেন, তা পরিষ্কার করার দায়িত্ব বাংলাদেশ বিমানের নিয়োগ করা ক্লিনারদের।

ঢাকা কাস্টম হাউস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত এক বছরে দেশি-বিদেশি মিলিয়ে ১২টি উড়োজাহাজ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সোনা পাচারের ঘটনার সঙ্গে বিমানের ক্লিনার ও টেকনিশিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, আলামত হিসেবে উড়োজাহাজগুলো জব্দ করে সংশ্লিষ্ট বিমান সংস্থার জিম্মায় সেটি দেওয়া হয়। তাদের শোকজ করা হয়েছে। এরপর বিভিন্ন সময়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো ঘটনার নিষ্পত্তি হয়নি। খুব দ্রুতই কয়েকটি ঘটনার নিষ্পত্তি হয়ে যাবে। তিনি বলেন, অতীতে ১২৪ কেজি ও ১০৫ কেজি সোনাও উড়োজাহাজের ভেতর থেকে উদ্ধার হয়েছে। এসব ঘটনায় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। নজরদারির ফলে এ ধরনের ঘটনা কমে এসেছে।

গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে ১২ কেজি সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের চোরাচালানবিরোধী দল। ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে আসা উড়োজাহাজটির শৌচাগারের কমোডের নিচ থেকে সোনার বার ভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়। কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১১০টি সোনার বার পাওয়া যায়। প্রথমে পরিত্যক্ত অবস্থায় সোনার প্যাকেটটি উদ্ধার হলেও পরে রফিকুল ইসলাম ও আবদুর রহিম নামে দুই যাত্রীকে আটক করা হয়। এর দুই দিন পর ২১ জানুয়ারি কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইনস ও মালিন্দো এয়ারের দুটি উড়োজাহাজের আসন থেকে সাড়ে ২৫ কেজি সোনা জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

২৫ জানুয়ারি কুয়ালালামপুর থেকে মালিন্দো এয়ারের একটি উড়োজাহাজের আসনের ঢাকনার নিচে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৩২ কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।

পরবর্তী সময়ে ২ ফেব্রুয়ারি কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজের আসনের নিচে পাওয়া যায় সাত কেজি সোনা। ৬ মার্চ সিঙ্গাপুর থেকে আসা ১০ কেজি সোনাও কালো রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় জব্দ করা হয়। সর্বশেষ ১০ মার্চ আড়াই কেজি সোনা বাদামি রঙের স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে পাওয়া যায়।