পরিদর্শকদের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রের দুই পরিদর্শকের বিরুদ্ধে পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার সুকবাসিয়া পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

পিটুনির শিকার ওই পরীক্ষার্থীর নাম গোলাম হাফিজ। সে পিরিজপুর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। এ ঘটনায় তার বাবা গোলাম মাসুম গতকাল সোমবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত দুই পরিদর্শক হলেন মশিউর রহমান ও জামিল আহমেদ। তাঁরা রাজাবাড়িহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার পরীক্ষাকেন্দ্রে ঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগে ইউএনও খালিদ হোসেন আটজন শিক্ষককে পরের পরীক্ষাগুলোর দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অব্যাহতির এই চিঠি পেয়ে ওই পরিদর্শকেরা প্রতিটি কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের তা পড়ে শুনিয়ে সাবধান করছিলেন। এ সময় একটি কক্ষের কয়েকজন পরীক্ষার্থী ইউএনও ঠিক কাজই করেছেন এমন কথা বলে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে মশিউর রহমান ও জামিল আহমেদ পরীক্ষার্থী গোলাম হাফিজকে মারধর করেন।