পরিদর্শনে দুদকের দল, নানা অভিযোগ রোগীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

হাসপাতালে পাঁচজন চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন তিনজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাও অনুপস্থিত ছিলেন

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ ঢুকে পড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। নেতৃত্বে ছিলেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। হাসপাতালে পাঁচজন চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন তিনজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাও অনুপস্থিত ছিলেন।

রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, নার্সরা রোগীদের কাছ থেকে টাকা নেন, হাসপাতালে পানি নেই, এক্স-রে যন্ত্র নষ্ট, বিছানা নোংরা, ওষুধ নেই—এ ধরনের নানা অভিযোগ দুদক দলের কাছে তুলে ধরেন রোগীরা। এ সময় এলাকার উৎসুক লোকজনও জড়ো হন সেখানে। প্রায় এক ঘণ্টা দুদকের দল সেখানে অবস্থান করে।

দলের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রভাস কুমার দাস প্রায়ই অনুপস্থিত থাকেন, এটি নিশ্চিত হওয়া গেছে। অল্প কয়েক দিনের মধ্যে সাতটি ছুটির আবেদন তাঁর দপ্তরে পাওয়া গেছে। কিন্তু তিনি ছুটি যথাযথভাবে নেননি।

প্রভাস কুমার দাসের সঙ্গে মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কথা বললে তিনি ছুটি যথাযথভাবে না নেওয়ার বিষয়টি স্বীকার করেন। অন্য অভিযোগের বিষয়ে বলেন, ‘গত রাতেই (বুধবার) প্রসব (ডেলিভারি) করাতে নার্সরা টাকা নিয়েছেন বলে অভিযোগ পেলাম। আগেও এ ধরনের অভিযোগ পেয়ে তাঁদের ডেকে কথা বলেছি। অন্য সমস্যাগুলো সারা দেশের হাসপাতালের মতোই চিত্র। সমাধানের চেষ্টা চলছে।’

এরপর স্থানীয় লোকজন সেটেলমেন্ট ও সাবরেজিস্ট্রার কার্যালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন দুদক দলের কাছে। পরে ইউএনওর কার্যালয়ে ওই দুই অফিসের সবাইকে ডেকে এনে কথা বলে দুদকের দল।

দলে অন্যদের মধ্যে ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান, খুলনা বিভাগীয় পরিচালক আবুল হাসান, যশোরের উপপরিচালক মো. জাহিদ হোসেন, দুদক কমিশনারের একান্ত সচিব সৈয়দ রবিউল ইসলাম।