সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াছুর রহমানের বাড়ির টিলা কাটার ঘটনা সরেজমিনে পরিদর্শন করে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘টিলা কেটে সাবাড়’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল গতকাল সকালে বিষয়টি সরেজমিনে তদন্ত করে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিদর্শক দলও টিলা কাটা দেখেছে। একপর্যায়ে তাদের পরিচয় পেয়ে টিলা কাটা বন্ধ রাখা হয়। এ সময় পরিদর্শক দল টিলা কাটার বিভিন্ন তথ্য ও টিলা কাটা মাটি পরিবহনসহ সার্বিক অবস্থার প্রমাণাদি সংগ্রহ করে।
পরিবেশ অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক মো. ছালাহউদ্দীন চৌধুরী বলেন, দুজন সহকারী পরিচালকের মাধ্যমে পরিদর্শন করে ঘটনার তদন্ত করা হয়েছে। টিলা কাটা সরেজমিনে দেখে প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।
নগরের পাঠানটুলার কুচারপাড়া এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছের বাড়ির সীমানাপ্রাচীরের ভেতর সুউচ্চ একটি টিলা কাটা চলছিল। প্রায় দুই একর আয়তনের বাড়ির তিন ভাগের এক ভাগজুড়ে ছিল টিলাটি। টিলা কাটা মাটি বাড়ির সামনে ফেলে নিচু জায়গা ভরাট করা হয়েছে।