পরিদর্শনের নামে ঘুষ, ডিআইএর কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় পরিদর্শনের নামে ঘুষ আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের হাতে গ্রেপ্তার হলেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএ) এক সহকারী শিক্ষা পরিদর্শক। আজ মঙ্গলবার বিকেলে মোস্তাফিজুর রহমান নামের এই কর্মকর্তাকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রমতে, দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুর রহমান কয়েক দিন আগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১০টি বিদ্যালয় পরিদর্শন করেন। পরে ঢাকায় এসে ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ফোনে জানান, প্রত্যেক শিক্ষকের এক মাসের বেতন হিসেব করে মোট টাকা দিতে হবে, না হয় ‘খারাপ’ প্রতিবেদন দেওয়া হবে। এই ভয়ে ওই সব বিদ্যালয়ের একেকজন প্রধান শিক্ষক ঢাকায় এসে টাকা দিয়ে যান। ওই কর্মকর্তা নিজের অফিসে না বসে ঢাকার বিভিন্ন এলাকায় বসে এ টাকা আদায় করেন। এরই ধারাবাহিকতায় আজ একটি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ওই কর্মকর্তার সঙ্গে টাকা নিয়ে দেখা করেন। খবর পেয়ে, রাজধানীর পলওয়েল মার্কেট থেকে হাতেনাতে ওই কর্মকর্তাকে আটক করেন দুদকের কর্মকর্তারা। বর্তমানে তাঁকে পল্টন থানায় রাখা হয়েছে। এখন মামলা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে, টাকা আদায়ের বিষয়টি জানতে পেরে অনেকটা ফাঁদ পেতে এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

ডিআইএর কর্মকর্তাদের বিরুদ্ধে পরিদর্শনের নামে ঘুষ আদায় নতুন ঘটনা নয়। এর আগেও এ অধিদপ্তরের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে।