পরিবহন কাউন্টারে হামলা-গুলি, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে গতকাল সোমবার রাতে পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে ও গুলি করে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে আহত করেছে সন্ত্রাসীরা। আহত ব্যক্তিদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন অম্বিকাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রঘুনন্দনপুর এলাকার কামাল শেখ (২৭), ছোটন বিশ্বাস (৩২), লাবলু শেখ (২৫) ও নয়ন শেখ (২০)। এঁদের মধ্যে কামালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ছোটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী রাস্তার মোড়ে দূরপাল্লার বিভিন্ন পরিবহনে যাত্রীদের তুলে দেওয়ার জন্য মোট পাঁচটি কাউন্টার রয়েছে। এর মধ্যে একটিতে ঢাকার যাত্রীদের তোলা হতো। ওই কাউন্টারে সোমবার রাত নয়টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত ঢুকে গুলি ছুড়তে ও কোপাতে থাকে। গুলিতে কাউন্টারের কর্মী কামাল ও ছোটন গুলিবিদ্ধ এবং ধারালো অস্ত্রের আঘাতে লাবলু ও নয়ন আহত হন। কামাল ও ছোটনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছোটনকে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নয়ন ও লাবলুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত কামালের ভাই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুসুর রহমান প্রথম আলোকে বলেন, কামাল অম্বিকাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। আহত ব্যক্তিরা ওই কাউন্টারে কর্মরত ছিলেন। কাউন্টারটি দখল করার জন্যই এ হামলা চালানো হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।