পরিবহন নেই, তবু শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজের নিজস্ব কোনো পরিবহন নেই। ভাড়ায় চালিত পরিবহনও নেই। তারপরও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে পরিবহন বাবদ খরচা দেখিয়ে। এভাবে গত দুই বছরে প্রায় ২৫ লাখ টাকা নেওয়া হলেও পরিবহনের কোনো দেখা নেই।

শুধু তা-ই নয়, এক খাতের টাকা অন্য খাতে খরচ করার সুযোগ না থাকলেও পরিবহন খাতের জন্য নেওয়া টাকা কলেজের বনভোজনেও খরচ করা হচ্ছে। অধ্যক্ষ একক ক্ষমতাবলে এসব করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজে বর্তমানে শিক্ষক পরিষদ না থাকায় তিনি সেই সুযোগটির অপব্যবহার করছেন। ভয়ে অন্য শিক্ষকেরা এসব বিষয়ে কিছু বলছেন না।

১৯৬০ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা হয়। বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার ছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ৫৯ জন।

অভিযোগ পাওয়া গেছে, বর্তমান অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব ২০১৪ সালের ৪ জুনএই কলেজেযোগদানের পর থেকে পরিবহন ফির নামে টাকা নেওয়া হচ্ছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস কোর্স), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরাও ওই ফি দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত ওই টাকার কোনো সুফল পাচ্ছেন না শিক্ষার্থীরা। কলেজের চলতি হিসাবে টাকা রাখা হয়েছে।

২০১৪ সালের ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থের আয়-ব্যয় সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। মন্ত্রণালয়ের তত্কালীন যুগ্ম সচিব (অডিট ও আইন অধি শাখা) রঞ্জিত কুমার সেন স্বাক্ষরিত ওই পরিপত্রের ২(১) নীতিমালায় বলা আছে, তফসিলবহির্ভূত কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। তফসিলে পরিবহন খাত অন্তর্ভুক্ত থাকলেও সেখানে শর্ত জুড়ে দেওয়া আছে, প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন অথবা ভাড়ায় চালিত পরিবহন না থাকলে এই খাতে টাকা নেওয়া যাবে না।

কিন্তু কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ একক ক্ষমতাবলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করে যাচ্ছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি কলেজের শিক্ষকদের একাংশ ক্ষুব্ধ।

কলেজের অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানটির বেশির ভাগ শিক্ষার্থী কুমিল্লা শহর ও কলেজের দুটি ছাত্রীনিবাসে থাকেন। এরপরও তাঁরা বাধ্য হয়ে প্রতিবছর পরিবহন ফি দিচ্ছেন। অথচ পাশের কুমিল্লা সরকারি কলেজে কোনো পরিবহন ফি নেওয়া হয় না।

এ বিষয়ে এ এস এম আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, শিগগিরই ভাড়া করা বাস চালু করা হবে। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে পরিবহন ফি নেওয়ার কথা স্বীকার করেছেন।

সরকারি পরিপত্র অনুযায়ী এভাবে ফি নেওয়ার এখতিয়ার আছে কি না, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ। তবে তিনি পর্যাপ্ত টাকা হলে বাস কেনার চেষ্টা করবেন বলে জানান। পরিবহন ফির টাকা অন্য খাতে খরচ করার বিষয়ে তিনি বলেন, ‘কমিটি করেই ওই টাকা খরচ করছি।’